ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে এ দু’দেশের শীর্ষ নেতার মধ্যে আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ আলোচনা বৈঠক শুরু হওয়ার সময় পুতিন বলেন,‘ইউনিয়ন স্টেট সংস্থার আওতায় দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও উন্নয়নের বিষয়ে আলোচনাই এ বৈঠকের উদ্দেশ্য।’ মূলত, এ ইউনিয়ন স্টেট সংস্থার মাধ্যমে রাশিয়া ও বেলারুশের মধ্যে একতার সম্পর্ক সৃষ্টি করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরো বলেন, তিনি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে আঞ্চলিক অবস্থা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। এছাড়া শনিবার এ দু’দেশের শীর্ষ নেতা তাদের সামরিক অনুশীলন তদারক করবেন।
এ সময় ইউক্রেন সঙ্কট সম্পর্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, পশ্চিমারা বিশ্ব সম্প্রদায়কে এ কথা বলে ভয় দেখাচ্ছে যে রাশিয়া ও বেলারুশ কর্তৃপক্ষ ইউক্রেন আক্রমণ করবে। কিন্তু, রাশিয়া ও বেলারুশ কর্তৃপক্ষ কখনো ইউক্রেন আক্রমণ করার কথা ভাবেনি।
সূত্র : ইয়েনি শাফাক









