পশ্চিমা দেশগুলোর সাথে মিল রেখে এবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল সিঙ্গাপুর। শনিবার এক বিবৃতিতে সিঙ্গাপুর সরকার জানিয়েছে, রাশিয়ার আর্থিক লেনদেন ও বেশ কয়েকটি ইস্যুতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বিনা কারণে যুদ্ধ করছে বলে অভিযোগ করেছে সিঙ্গাপুর। এমন অভিযোগ তুলে রাশিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্কও আপাতত বন্ধ রাখবে সিঙ্গাপুর। আপাতত বৈদ্যুতিন যন্ত্র বা যন্ত্রাংশ, কম্পিউটার সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও অন্যান্য পণ্য আর রাশিয়ায় রফতানি করবে না সিঙ্গাপুর। ওই বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ ছোট দেশগুলোর কাছে এক ‘ভয়ঙ্কর নজির’। তাই এর প্রতিবাদ হিসেবে সিঙ্গাপুর থেকে রাশিয়ায় রফতানি বাণিজ্য বন্ধ করা হচ্ছে।

সিঙ্গাপুর সরকারের দাবি, সাইবার হানা কিংবা ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার এমন কোনও কাজে নিজেদের নাম জড়াতে চায় না তারা। তাই রাশিয়ায় কম্পিউটার ও যুদ্ধ সরঞ্জামের রফতানিতে তারা নিষেধাজ্ঞা এনেছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্য একটি দেশের (ইউক্রেন) সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর রুশ সরকারের এমন পদক্ষেপ মেনে নিতে পারছি না।’

রাশিয়ার প্রধান ব্যাঙ্কের সাথে সিঙ্গাপুরের প্রধান ব্যাঙ্কের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা আনা হয়েছে। এছাড়াও সিঙ্গাপুরের আরো তিনটি বড় ব্যাঙ্ক রাশিয়ার সাথে আর্থিক সম্পর্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র : আল-জাজিরা, বিবিসি