ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ থেকে বাঁচতে ১০ লাখের বেশি ইউক্রেনীয় সীমান্ত পেরিয়ে প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।
সোমবার পোল্যান্ডের বর্ডার গার্ডের টুইটার একাউন্টে এক বার্তায় এই তথ্য জানানো হয়।
টুইট বার্তায় জানানো হয়, যুদ্ধ শুরুর পর ২৪ ফেব্রুয়ারি থেকে মোট ১০ লাখ ৬৭ হাজার ইউক্রেনীয় পোল্যান্ডে এসেছে। রোববার মোট এক লাখ ৪২ হাজার তিন শ’ ইউক্রেনীয় পোল্যান্ডে আসে।
এতে আরো জানানো হয়, ইউক্রেন থেকে পোল্যান্ডে লোকজনের আসার পরিমাণ বাড়ছে। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা পর্যন্ত ৪২ হাজার লোক ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছে।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের নাগরিকরা ও বিদেশী অধিবাসীরা দলে দলে দেশটি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে থাকে।
সূত্র : আলজাজিরা








