সারাবিশ্বের নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। ইরান ও সিরিয়াকে ছাড়িয়ে বর্তমানে রাশিয়া সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপিত দেশে পরিণত হয়েছে।
সোমবার নিষেধাজ্ঞা পর্যবেক্ষক ওয়েবসাইট ক্যাস্টেলুম ডট এআই এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে জানানো হয়, ২২শে ফেব্রুয়ারির আগে থেকে রাশিয়ার বিরুদ্ধে দুই হাজার সাত শ’ ৫৪টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
হামলার পরে রাশিয়ার বিরুদ্ধে আরো দুই হাজার সাত শ’ ৭৮টি নিষেধাজ্ঞা জারি করা হয়। সবমিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে মোট নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচ শ’ ৩২টি।
এর ফলে ইরানকেও ছাড়িয়ে গেছে রাশিয়া। ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত তিন হাজার ছয় শ’ ১৬টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এসব নিষেধাজ্ঞার প্রায় ২১ ভাগ জারি করেছে যুক্তরাষ্ট্র। এরপর ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন মিলে ১৮ ভাগ নিষেধাজ্ঞা দিয়েছে।
ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের অনেক দেশ নিষেধাজ্ঞা জারি করে।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র : বিবিসি








