বেলজিয়ামের দক্ষিণাঞ্চলে একটি ছোট শহরে রোববার দিনের শুরুতে দ্রুত গতিতে একটি গাড়ি একটি কার্নিভালের দর্শনার্থীদের উপর উঠে যায়। ঘটনাটিতে ছয়জন নিহত এবং আরো ১০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। এছাড়াও আরো কয়েক ডজন মানুষ সামান্য আঘাত পেয়েছেন।

বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানেলিয়েস ভেরলিনডেন বলেন, যা একটা দারুণ পার্টি হওয়ার কথা ছিল, সেটি জাতীয় শোকে পরিণত হয়েছে।

প্রসিকিউটরের দফতর জানায় যে তদন্তের প্রাথমিক পর্যায়ে এটির পেছনে কোনো সন্ত্রাসী উদ্দেশ্য সন্দেহ করার মতো কোনো আলামত পাওয়া যায়নি এবং ৩০ বছর বয়সী দুজন স্থানীয় বাসিন্দাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ব্রাসেলস থেকে আনুমানিক ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরের স্ট্রেপি-ব্র্যাকগিঁ-তে সংঘটিত হয়।

ভোর ৫টার দিকে বিভিন্ন বয়সী ১৫০ জনেরও বেশি মানুষ সেখানে সমবেত হয়েছিলেন এবং একটি লম্বা-সোজা রাস্তায় একটি বড়সড় ভিড় জমিয়ে দাঁড়িয়ে ছিলেন।

গোবের্ট বলেন, হঠাৎই পিছন থেকে একটি গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসে এবং এখন আমাদের কাছে কয়েক ডজন আহত মানুষ এবং দুঃখজনকভাবে কয়েকজন নিহত মানুষ রয়েছেন।

আরা কয়েক শ’ত মিটার সামনে গিয়ে গাড়িটি অবশেষে থামলে সেটি থেকে গাড়ির চালক এবং দ্বিতীয় আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।