জার্মানির উত্তর-পূর্বাঞ্চলের লুডভিগসলুস্ট শহরের একটি হাসপাতালে আগুন লেগে দুই রোগী নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও জার্মান গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে লুডভিগসলুস্ট-পারচিম জেলায় এ দুর্ঘটনা ঘটে। এক রোগীর কক্ষে আগুনের সূত্রপাত হয়। পরে হাসপাতালের ছাদে আগুন ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসনের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, নিহত দু’জনই ওই হাসপাতালের রোগী ছিলেন।

জরুরি চিকিৎসা পরিষেবা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনায় আরো ৩৪ জন আহত হয়েছেন। তবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, হাসপাতালের ভবনটি থেকে ৮২ জন রোগীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা