জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেছেন, রাশিয়ার উচিত শান্তি প্রক্রিয়ায় গতি আনতে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেয়া। না হলে পশ্চিমা দেশগুলোই ব্যবস্থা গ্রহণ করবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) জার্মানি সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্জ এ কথা বলেছেন। তিনি অভিযোগ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে শান্তি প্রক্রিয়ার আলোচনায় দেরি করছেন পুতিন।

তিনি আরো বলেন, ‘শান্তি প্রক্রিয়ার বৈঠকে বসতে পুতিন যে পূর্বশর্ত আরোপ করেছেন তা ইউক্রেন ও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’ রাশিয়া পরবর্তী পদক্ষেপ না নিলে তাদের ওপর চাপ সৃষ্টি করা উচিত বলেও জানান তিনি।

মার্জ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে আলোচনার পর যে বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল তা বাস্তবায়িত না হলে পশ্চিমা দেশগুলোকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। ইইউ ইতোমধ্যেই নতুন নিষেধাজ্ঞা তৈরি করছে।

এ সময় কানাডার প্রধানমন্ত্রীও পুতিনের ‘ধীরে চলো’ নীতির সমালোচনা করেন। তিনি ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করার বিষয়টিতেও গুরুত্ব দেন।

সূত্র : ডয়চে ভেলে