জাতীয় পতাকা একটি স্বাধীন জাতির সার্বভৌমত্বের প্রতীক। প্রতিটি দেশ ও জাতির সুনির্দিষ্ট জাতীয় পতাকা আছে। এটি দেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। যেকোনো স্বাধীন দেশ বা জাতি তার জাতীয় পতাকাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে থাকে।
আমাদের জাতীয় পতাকার সবুজ রঙ বাংলাদেশের শ্যামল প্রকৃতির দিকটি তুলে ধরেছে, আর লাল রঙ তুলে ধরেছে জাতির নবজাগরণের কথা। স্বাধীনতা অর্জনের জন্য এ দেশের ৩০ লাখ মানুষ যে রক্ত দিয়েছে, তার ইঙ্গিতও বহন করে লাল রঙ। যেকোনো অর্জনেই জাতীয় পতাকা সবার আগে আমাদের হাতে উঠে আসে। আমাদের গৌরবময় ইতিহাসের স্মারক জাতীয় পতাকা। ভবিষ্যতের সব কর্মপ্রেরণার উৎসও এই পতাকা।
বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশে সব ধর্মের মানুষের বসবাস। সবার একই জাতিসত্তা। বহু ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। এ পতাকা আমাদের সংগ্রামের ইতিহাসকে তুলে ধরে। তাই এর প্রতি সম্মান প্রদর্শন করা একান্ত দায়িত্ব।
প্রত্যেক দেশের জাতীয় পতাকার একটি সুনির্দিষ্ট মাপ আছে। কখন কোথায় পতাকা উত্তোলন করা যায়, এরও একটা নিয়ম আছে। বাংলাদেশের পতাকার সাথে অন্য কোনো দেশের পতাকা উত্তোলন করতে গেলে কোনটা আগে উঠবে, কোনটা কোন পাশে থাকবে, তারও নিয়ম রয়েছে। কখন পতাকা উত্তোলন করা হবে এবং কখন কিভাবে নামানো হবে, নির্দিষ্ট নিয়মেই তা করতে হয়।
আমি ৫০ কেজির এক বস্তা চাল কিনেছিলাম। এর বস্তার গায়ে আমাদের জাতীয় পতাকার মনোগ্রাম। বস্তার লেখাগুলো হলোÑ ‘সুবর্ণা সুপার মিনিকেট চাল’, ‘জোড়া পতাকা মার্কা’, কুষ্টিয়া, প্রো: হাজী মোহাম্মদ আলী জিন্নাহ, রেজি: নং- ১৫৯৯৯৫, কুষ্টিয়া। কয়েক দিন পর চোখে পড়ে, জনৈক ব্যবসায়ী জোড়া পতাকা মার্কা চটের বেগে পা মুছছেন। তা দেখে খুব খারাপ লাগল। আমি বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণপাড়া উপজেলার একজন স্কাউট, উড ব্যাজার এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। স্কাউটের কোনো এক প্রোগ্রামে জাতীয় পতাকার মর্যাদা সম্বন্ধে প্রশিক্ষণ নিয়েছিলাম। মনে পড়ে, পতাকা পুরাতন হলে বা ছিঁড়ে গেলে কী করতে হবে তারও নিয়ম আছে। যে অঞ্চলে এই জোড়া পতাকা মার্কা চালের মিলটি স্থাপিত, সেখানে কি নিয়ম-কানুন নেই? একজন মুক্তিযোদ্ধা কিংবা একজন স্কাউট সদস্যও নেই?
জাতীয় পতাকা অত্যন্ত মর্যাদার ও সম্মানের। বুকের রক্ত দিয়ে হলেও এর সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য। লাখ লাখ বীর শহীদ এ পতাকার জন্য তাদের জীবন দান করেছেন। যখন নীল আকাশের মাঝে জাতীয় পতাকা উড়তে থাকে, তা দেখে গর্বে আমাদের বুক ভরে যায়। অন্তরের মণিকোঠায় বেজে উঠে দু’টি কলিÑ‘আমার সোনার বাংলা’, আমি তোমায় ভালোবাসি।’ সার্বভৌমত্বের প্রতীক এই জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে। হ
লেখক : শিক্ষক, মাধবপুর উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা