(গত দিনের পর)
হাসিবু নতুন এই সুড়ঙ্গের আধো অন্ধকার পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই পথ তাকে আরো গহিন থেকে গহিনে নিয়ে যাচ্ছে। কিন্তু হাসিবু সেটা বুঝতে পারছে না। তার কাছে মনে হচ্ছে, সে বুঝি সুড়ঙ্গ থেকে বের হওয়া পথ ধরেই এগিয়ে যাচ্ছে। যতই সামনে যাচ্ছে, ততই যেন সুড়ঙ্গ পথটি তাকে আলোর দিকে নিয়ে যাচ্ছে। অন্ধকার থেকে আলোর দিকে হাঁটছে সে। পিঠের যন্ত্রণা তাকে আরো দ্রুত চালিত করছে। যেন উন্মাদ হয়ে গেছে সে।
সুড়ঙ্গ পথে অনেকক্ষণ চলার পর এক নতুন দুনিয়ায় এসে পড়ল সে। আলো-ঝলমলে এক দুনিয়া। অদূরেই হাসিবু দেখতে পায় একটি সুরম্য অট্টালিকা। অতি নিচু, কিন্তু সুন্দর ও বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রাসাদ এটি। কিছুটা ভয়, কিছুটা কৌতূহল এবং পিঠে বিচ্ছুর কামড়ের জ্বালা সব মিলিয়ে হাসিবুর কিশোর মনকে আরো অ্যাডভেঞ্চার করে তোলে। সে পায়ে পায়ে এগিয়ে যায় নিচু অট্টালিকার দিকে। (চলবে)