ত্রিশ.
অন্যান্য ডাইনির মতো আমার উচিত তোমাকে কোনো একটা বর দিয়ে যাওয়া। যে বর দিয়ে তুমি অসম্ভব সব সম্ভব করতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হলো ‘আমরা ভালো ডাইনি বলেই আমাদের হাতে ক্ষমতা খুব কম। তুমি ছোট বলেই হয়তো এখনো জানো না যে, ভালো মানুষের হাতে যেমন ক্ষমতা খুবই কম থাকে ঠিক তেমনি আমাদের মানে ভালো ডাইনিদের হাতেও ক্ষমতা খুবই কম। এতই কম যে আমরা ডাইনি হয়েও তোমাকে এরকম কোনো বর দিতে পারছি না যাতে তোমার ক্ষমতা বেড়ে যায়। তুমি উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পার অথবা তুমি সবার সামনে থেকেও অদৃশ্য হয়ে থাকতে পার।’
রিয়াজ ডাইনির কথা বুঝে উঠতে পারে না। ওসব ক্ষমতা টমতা নিয়ে সে কী করবে তা বুঝে উঠতে পারে না। তার তো ওসব লাগবে না। সে জোরে জোরে মাথা নেড়ে বলে ‘আমার কিচ্ছু লাগবে না। কিচ্ছুর দরকার নেই। তোমরা আমার সাথে ভালো করে কথা বলেছো এটাই অনেক।’
বুড়ি ডাইনি বলে ‘কিন্তু তোমাকে তো কিছু না দিয়ে এখান থেকে যেতে পারি না বাছা। আমরা ভালো ডাইনি বলেই আমাদের কাছে যা আছে তাই থেকে তোমাকে কিছুটা দিয়ে যাচ্ছি। জিনিসটা বাইরে থেকে দেখা যায় না। তার কর্মকাণ্ডও সহজে বোঝা যায় না। তবে তা থাকলেই শুধু তুমি অন্যরকম হয়ে উঠবে।
সেটা হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা, ভালোবাসা। সেটা তোমার যথেষ্ট আছে আমি জানি। তবুও তোমাকে আমি সেটা বাড়িয়ে দিয়ে যাচ্ছি। এখন থেকে তুমি একজন খাঁটি ভালো মানুষ হয়ে উঠবে।’ বলে বুড়ি ডাইনি তার বুকের কাছে বাম পকেটের কাছে ডাইনির জীর্ণশীর্ণ কুচকে যাওয়া সাদা শিরা ওঠা হাতটা কিছুক্ষণ ধরে রাখে।
(চলবে)