চুরাশি
সাহস হারিও না বাছা। উপায় একটা হবেই। কফর নাগম আমি ঠিকই চিনি। সেখানে যেতেও পারব। কিন্তু তোমাকে নিয়ে যাওয়ার সাধ্য আমার নেই। আমরা পরীদের মতো কোনো মানুষ বহন করতে পারি না।
তার দরকার হবে না। আমাকে শুধু পথটা দেখিয়ে দিলেই আমি ঠিকই যেতে পারব।
না না তোমাকে আমি একা ছেড়ে দিতে পারি না। বিশেষত এই রাতে। উড়িয়ে তোমাকে না নিয়ে যেতে পারি তোমার সাথে সাথে হেঁটে তো তোমার সাথে যেতে পারি।
‘তাতে তোমার কষ্ট হবে। যারা উড়ে চলে হেঁটে যেতে তাদের কষ্ট হয়।
‘তা একটু হোক বাছা। কারোর উপরকার করতে গেলে একটু কষ্ট ভোগ করতেই হয়। উপকারের কষ্ট কোনো কষ্ট না। সে আলাদা এক আনন্দ।
একটু পরেই ম্লান চাঁদের আলোয় দু’পাহাড়ের মধ্যবর্তী পথে একটা অতিপ্রাকৃত দৃশ্য দেখা যায়। কালো আলখাল্লা পরা মাথায় চোঙা টুপির শীর্ণকায়া দীর্ঘাঙ্গী ডাইনি বুড়ির আলখাল্লার খুট ধরে ছোট একটা ছেলে হেঁটে চলে। ছেলেটা মাঝে মাঝে মাথা উঁচু করে ডাইনি বুড়ির মুখের দিকে তাকায়। কথোপকথনের সময় মুখ দেখলে কথা বলে আরাম নেই। হোক না সে ডাইনি বুড়ির মুখ।
(চলবে)
