(গত দিনের পর)
ছোট্ট দুটি প্রাণীকে ঝর্ণার পাড়ে রেখে নাগপুত্র ও সওদাগরপুত্র দু’জনে ডুব দেয় ঝর্ণার জলে। আর সাথে সাথেই তারা পৌঁছে যায় পাতালের নাগরাজ্যে। সে এক অবাক করা দুনিয়া। বিচিত্র সেই রাজ্য। বিচিত্র তার পরিবেশ। নাগপুত্র বলে, শুনো হে সওদাগরপুত্র, আমার পিতা আমাকে ফিরে পেয়ে যারপরনাই আনন্দে উদ্বেলিত হবেন। তখন তিনি তোমাকে পুরস্কৃত করতে চাইবেন। কিন্তু তুমি পুরস্কার নিবে না। যখন নাগরাজ, তোমাকে বলবে, তুমি আমার পুত্রকে বাঁচিয়েছ। তোমাকে পুরস্কৃত না করলে আমার রাজ্যের অমঙ্গল হবে। পুরস্কার তোমাকে নিতেই হবে। তখন তুমি আমার পিতার হাতের শোভা বর্ধনকারী একটি আংটি আছে, সেই আংটিটি চাইবে। আরো চাইবে, তার পানপাত্রখানি। ওই পানপাত্রটি সারাক্ষণই কালো গাভীর দুধে ভরপুর থাকে। যতই তুমি দুধ পান করো না কেন, পাত্র থেকে দুধ কখনো ফুরিয়ে যায় না।
নাগপুত্র আরো বলে, হে মানব সন্তান। ওই আংটি ও পানপাত্রটিই তোমার ভাগ্য ফিরিয়ে দেবে। (চলবে)