জানো, মেঘালয় আমাদের প্রতিবেশী দেশ ভারতের সুন্দরতম রাজ্যগুলোর একটি ? এ রাজ্যের বিখ্যাত হ্রদ উমিয়াম। এটি রাজ্যটির একটি প্রধান পর্যটক-আকর্ষণ কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের জলক্রীড়া ও জলাভিযানের সুবিধা রয়েছে।
উমিয়াম হ্রদ একটি কৃত্রিম জলাধার। নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে রাজধানী শিলংয়ের ১৫ কিলোমিটার উত্তরের পাহাড়ে এর অবস্থান। এর রূপ দৃষ্টিকাড়ানিয়া। ২০ শতকের মাঝামাঝি উমিয়াম নদীতে জলবন্ধন (ড্যাম) নির্মাণের ফলে হ্রদটি গঠিত হয়। জলবন্ধনটি উত্তর-পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। এর ক্যাচমেন্ট এলাকা ২২০ বর্গকিলোমিটার। তার মানে এটি এই পরিমাণ জায়গার বৃষ্টির পানি ধারণ করতে পারে।
এ হ্রদ স্থানীয় পানিসেচ, মাছ আহরণ ও পানীয় জলের কাজে ব্যবহার করা হয়।
বর্তমানে শিলংয়ের লোকসংখ্যা বৃদ্ধির ফলে হ্রদের পানি কিছুটা দূষিত হওয়া শুরু করেছে। এ ছাড়া পলিমাটি জমাও একটি সমস্যা।
উমিয়াম হ্রদ মেঘালয়ের একটি বিশেষ সম্পদ।