ছোট্ট বন্ধুরা,

তোমরা বিভিন্ন ধরনের পাখি চেনো। আটলান্টিক পাফিনের নামও হয়তো শুনে থাকবে। এটি সামুদ্রিক পাখি। অবাক ব্যাপার এ পাখি পানিতে উড়তে পারে। সাঁতারও কাটতে পারে। এটি এর ডানাকে বৈঠার মতো ব্যবহার করে পানিতে চলতে পারে। ডানা ব্যবহার করার কারণেই সম্ভবত এদের এ ধরনের চলনকে ওড়ার সাথে তুলনা করা হয়েছে। আর সাঁতার কাটার সময় শুধু পা ব্যবহার করে। আটলান্টিক মহাসাগর উপকূলে এরা বাস করে।
আটলান্টিক পাফিনের গায়ের রঙ সাদা ও কালো। ঠোঁটের রঙ লাল, নীল ও হলদে। পায়ের রঙ কমলা। পুরুষ ও স্ত্রী পাফিন দেখতে একই রকম। তবে পুরুষটি আকারে একটু বড় হয়। এরা প্রায় ১০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ওজন আধা কেজি পর্যন্ত হয়। এদের ঠোঁটের আকার অনেক বড়। ঠোঁটের আকৃতির কারণে এদেরকে সামুদ্রিক তোতাও বলা হয়। এদের সমুদ্রের ভাঁড়ও (কৌতুককারী) বলা হয়। উত্তর আমেরিকার অভিবাসীরা খাবার ও পালকের জন্য আটলান্টিক পাফিনকে শিকার করত। এদেরকে এখনো শিকার করা হয়। আটলান্টিক পাফিন মুক্ত পরিবেশে প্রায় ২০ বছর বেঁচে থাকে।