চুরানব্বই.
ওরা রাতের কাজ শেষ করে আসুক। এক্সম্যান ব্যাটাকে শায়েস্তা করে আসুক তিনি আগামীকাল সকালে স্কুল ভাঙার কাজে হাত দিবেন। নেতার সাথেও এ ব্যাপারে কথা হয়ে গেছে। আগামীকাল পুলিশ নিয়ে শ্রমিক দিয়ে জনগণের সামনেই নায্যভাবে দলিল দস্তাবেজ দেখিয়ে পুরাতন ভবন ভাঙা হবে। সেখানে আনুষ্ঠানিকভাবে স্কুল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ করা হবে। আর এ ব্যাপারে প্রগতিশীল সমাজ বাধা দিতে এলে পুলিশ তাদের ব্যবস্থা করবে।
এরকম মাঝরাতে তিনজন চোয়াড়ে টাইপের লোকের সাথে বিজ্ঞান স্যারকে দেখে দারোয়ান যারপরনাই অবাক হলো। দারোয়ান সালাম দিয়ে গেট না খুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলে বিজ্ঞান স্যার বললেন, ‘ল্যাবে কিছু কাজ আছে।’ তার পরেও গেট খুলছে না দেখে পকেট থেকে একটা কাগজ বের করে বললেন, ‘এখানে প্রিন্সিপালের অনুমতিপত্র আছে। কোনো সমস্যা মনে করলে রেখে দাও।’
দারোয়ান হাত বাড়িয়ে কাগজটা নিলো। কাগজের সাথে পাচশ’ টাকার একটা নোট দেখেই বুঝতে পারল। সাথে সাথে গেট খুলে ওদেরকে ভেতরে ঢুকিয়ে গেট লাগিয়ে দিলো। তারপর উদাস মুখে বাইরে দাঁড়িয়ে রইল।
নাইট গার্ড ঝিম ধরে বসেছিল। গেট খোলার শব্দ হতেই সচকিত হলো। ভেতরে বিজ্ঞান স্যারকে দেখে সালাম দিলো। পেছনের লোকগুলোকে তার ভালো লাগছে না। এরা চিহ্নিত সন্ত্রাসী। স্যার কি স্কুল থেকে কিছু সরাতে এদের নিয়ে এসেছে। এরা প্রয়োজনে মানুষকে চিরতরে সরিয়ে দিতে পারে। (চলবে)