(গত দিনের পর)

তুমি এগুলোর কিছুই চিনলে না। চিরকাল রয়ে গেলে ওই পাতকুয়োর ভেতরেই। তোমাকে নিয়ে বড় আফসোস হয় বাছা!
কিন্তু ছোট্ট ব্যাঙ তার কথা বিশ্বাস করে না। সে ভাবতেও পারে না এই কুয়োর চেয়েও বড় কোনো জগৎ থাকতে পারে। তাই সেও পাখিটিকে বলে, তুমি মিথ্যে বলছ। আমার চেয়ে এত বিশাল জগৎ তোমাদের নেই। আমার জগতে সবই আছে। খাবার আছে, পানি আছে, পাথর আছে। পানিতে সাঁতার কাটতে পারি, গান গাইতে পারি। পাথরে শুয়ে শুয়ে ঘুমাতে পারি। এমন সুন্দর জগৎ ছেড়ে আমি কোত্থাও যাবো না হে। তোমাদের কী এমন সুন্দর জগৎ আছে? তুমি যাও।
আরো অনেক পাখি আসে কুয়োর কিনারে। সবার সাথেই কথা হয় ব্যাঙের। কিন্তু কেউ কাউকে বুঝাতে পারে না, কেউ কাউকে বুঝতেও চায় না। দিন দিন পাখিরা ব্যাঙটিকে অপছন্দ করতে শুরু করে। তারা ভাবে, ব্যাঙটি বড্ড জেদি, একরোখা, অজ্ঞ, গণ্ডমূর্খ। তার সাথে কথা বলাই ঠিক না।
(চলবে)