(গত দিনের পর)
চার প্রাণীর এমন মরণপণ যুদ্ধে জল-কাদা আরো ঘোলাটে হয়ে যায়। সেই জল-কাদা সাঁতরিয়ে লবণ আবার চলে আসে ড্রাগনের কাছে। এরপর লাফ দিয়ে উঠে যায় ড্রাগনের পিঠে। কামড়ে ধরে সে কাচের মতো স্বচ্ছ ড্রাগনের একটি ডানা। মট করে ভেঙে যায় ডানাটি। তীক্ষ্ণ চিৎকারে বাতাস কাঁপিয়ে দেয় ড্রাগন।
ড্রাগনের এক পাশের অন্ধত্বের সুযোগ নিয়ে বিশাল আকৃতির কুকুর সরিষা এমন কামড় বসিয়ে দেয় ড্রাগনের ঘাড়ে যে, ঘাড়টি মটকে যায়। এক পাশে ন্যুয়ে পড়ে ড্রাগন। গোলমরিচ সেই সুযোগে আরেক কামড় বসায় ড্রাগনের মুখে। হা হয়ে যায় মুখ। সরিষা এবার কামড়ে ধরা ড্রাগনের ঘাড়টাকে জোরে ঝাঁকুনি মারে। সেই ঝাঁকুনিতে ড্রাগনের একটি দাঁত খসে পড়ে গোলমরিচের মুখে। ড্রাগনের বিষদাঁত এটি!
বিষদাঁত ভেঙে যাওয়ায় ড্রাগন আরো কাবু হয়ে পড়ে। সরিষা তখন কামড়ে ধরা ড্রাগনের ঘাড়টাকে চুবিয়ে ধরে পানির ভেতর। আর যায় কোথায়! দম বন্ধ হয়ে ড্রাগনের, কম্ম শেষ হয় বুঝি। হ্যাঁ, তাই তো! (চলবে)