বলছি একটি প্রাচীন নগরী- একটি নগরদুর্গের কথা, যার নাম নিসা। অপর নাম পারথাউনিসা। পার্থীয় সাম্রাজ্যের যুগে এ নগরী প্রতিষ্ঠিত হয়। এ সাম্রাজ্য টিকে ছিল খ্রিষ্টপূর্ব ২৪৭ থেকে ২২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত। ইরান ও মধ্য এশিয়ার বিশাল ভূখ-ে গড়ে উঠেছিল পার্থীয় (ইরানি) সাম্রাজ্য, আর এ সাম্রাজ্যের অন্যতম কেন্দ্র ছিল নিসা। পার্থীয় সাম্রাজ্য ছিল একটি প্রধান শক্তি। প্রাচীন বিশ্বের এক প্রভাবশালী সভ্যতা এখানে গড়ে ওঠে। ধারণা করা হয়, নিসা পার্থীয়দের প্রথম রাজধানীগুলোর একটি। এটি প্রতিষ্ঠা করেন প্রথম আর্সাসেস। এ নগরীর অবস্থান বর্তমান তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাত (আশখাবাদ) থেকে ১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে বাগির গ্রামের কাছে। এটি ছিল বেশ সমৃদ্ধ একটি নগরী।

নিসায় খননকাজের ফলে মজবুত দালান, সমাধিক্ষেত, সমাধিমন্দির, খোদাই করা দলিল, টাঁকশাল, মুদ্রা ইত্যাদির অস্তিত্ব পাওয়া যায়। স্থাপত্যগুলো এখন আর অবিকৃত নেই, কালের সাক্ষী হয়ে ঘোষণা করছে প্রাচীন গৌরব। হাতির দাঁতের শিল্পকাজ, চাকাজাতীয় জিনিস ইত্যাদিও পাওয়া গেছে এখানে। পাওয়া গেছে প্রেমের দেবী আফ্রোদিতির মর্মরপ্রস্তরের মূর্তি, যা তুর্কমেনিস্তানের জাতীয় জাদুঘরে স্থান পেয়েছে। এটি একটি হেলেনিস্টিক (গ্রিসীয়) নমুনা।
২০০৭ সালে নিসার নগরদুর্গ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদায় ভূষিত হয়।