বলছি বেলের কথা। তোমরা এটি চেনো কি? এটি এক ধরনের ফল। এ ফলে খোল আছে; তার মানে খোলযুক্ত ফল। বেলের অপর নাম শ্রীফল।
বেলে কী আছে? এতে রয়েছে জলীয় অংশ, ক্যালসিয়াম, খনিজ পদার্থ, আঁশ, ভিটামিন বি-১, ভিটামিন সি ইত্যাদি উপাদান। বিভিন্নভাবে বেল খাওয়া যায়। কচি বেল পুড়িয়ে খাওয়া যায়। পোড়া বেলের শরবতও খাওয়া যায়। অনেকে পাশ বেল খেতে পছন্দ করে। পাকা বেলের শরবতও খাওয়া যায়।
এখন বলছি বেলের ঔষধি গুণ সম্পর্কে। এ ফলের রয়েছে অনেক গুণ। কাঁচা বেল পুড়িয়ে বা সিদ্ধ করে খেলে হজমশক্তি বাড়ে। সকালে খালি পেটে বেল পুড়িয়ে খেলে বায়ুনাশ হয়, দূর হয় কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা। কচি বেল গোল করে কেটে শুকিয়ে গুঁড়া করে নিয়ে ঘোলের সাথে মিশিয়ে খেলে আমাশয় রোগ সারে। কবিরাজি, আয়ুর্বেদিক ও ইউনানি শাস্ত্রে বেল দিয়ে অনেক প্রকার ওষুধ তৈরি করার প্রচলন আছে। বড় হয়ে তোমরা বেল নিয়ে গবেষণা করতে পারো।