বলছি কাদিরগা সম্পর্কে। এটি একটি উৎসবের নাম; তুরস্কের বিখ্যাত উৎসবগুলোর একটি। কাদিরগা উৎসব প্রবর্তন হয় ১৪ শতকে ওসমানীয় সাম্রাজ্যের যুগে। এর আকর্ষণ এখনো অটল। এ কারণে প্রতি বছর তুর্কিরা এর বৈচিত্র্যপূর্ণ আনন্দ উপভোগ করে।
এটি প্রধানত পালন করে কৃষ্ণসাগরীয় অঞ্চলের মানুষ। ত্রাবজান প্রদেশের তোনিয়া শহর থেকে ২৫ কিলোমিটার দূরের একটি ইয়ায়লার (মালভূমি) বৃক্ষহীন সুন্দর পর্বতচূড়ায় উৎসবের মূল আসর বসে। এটি তুরস্কের বেসিকদুজু, তোনিয়া, ম্যাক্কা, তোরুল, আইনেসিল ও গোরেলে এলাকার সংযোগস্থল।
ঐতিহ্যবাহী পোশাক পরে বিভিন্ন এলাকা থেকে দলে দলে তুর্কিরা এখানে আসে। প্রতি বছর জুলাই মাসের তৃতীয় সপ্তাহে উৎসব শুরু হয়, যা চলে তিন দিন। নাচ-গানে মুখরিত হয় গোটা উৎসবস্থল। হইচই করে আনন্দোপভোগ করে অগণিত মানুষ। উৎসবের কিছু অংশ প্রাচীন ও ভুলে যাওয়া আতিথেয়তার কোমল আচারসংক্রান্ত, যা ওই এলাকার মানুষকে করেছে বৈশিষ্ট্যম-িত। এই আদি আচার মালভূমি এলাকার পর্বতের বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির অংশ।