জানো,কারো চোখের দিকে লক্ষ করলে দেখা যায় চোখটা প্রতিনিয়ত বন্ধ হচ্ছে আবার খুলছে। এই চোখ বন্ধ আর খোলার প্রক্রিয়াকে আমরা পিট পিট করা বা পলক ফেলা বলি। এটা একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া, যা বিরামহীনভাবেই ঘটে। গড়ে প্রতি সেকেন্ডে আমরা একবার চোখের পলক ফেলি। একজন মানুষ ৭০ বছরের জীবনে প্রায় ২২০ কোটি ৭৫ লাখ পলক ফেলে। পলক ফেলার সময় চোখের পাতা ওপরে নিচে ওঠানামা করে। চোখের উপরের পাতার নিচে অনেক অশ্রুগ্রন্থি আছে। চোখের পাতা বন্ধ করলে অশ্রুগ্রন্থিগুলো সক্রিয় হয়। আর এতে একপ্রকার তরল লবণাক্ত পদার্থের সৃষ্টি হয়। লবণাক্ত তরল পদার্থগুলো চোখকে ভিজিয়ে রাখে। তরল লবণাক্ত পদার্থগুলো যখন অধিক মাত্রায় ঝরে আমরা তখন তাকে কান্না বলি। তবে আমাদের চোখ থেকে প্রতিদিন প্রায় ০.৭৫ গ্রাম থেকে ১.১ গ্রাম তরল পদার্থ ঝরে পড়ে।
চোখের পলক পড়ার জন্য ধুলাবালু বা বাইরের অন্য পদার্থগুলো থেকে চোখ সহজেই রক্ষা পায়। আর বাইরের কোনো পদার্থ চোখের মধ্যে পড়লে তা চোখের নিঃসৃত তরল পদার্থের মাধ্যমে বের হয়ে যায়।
চোখ পিট পিট করার ফলে সহজেই উজ্জ্বল আলো থেকে চোখ রক্ষা পায়। উজ্জ্বল আলো চোখের জন্য ক্ষতিকর। অতিরিক্ত আলোতে গেলে চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। ফলে আমরা অতিরিক্ত আলো থেকে চোখের অক্ষিপটকে রক্ষা করতে পারি।