ফিলিপাইন সরকার কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটাতে দেশটির কমিউনিস্ট বিদ্রোহীদের সাথে শান্তি আলোচনা আবার শুরু করবে। ছয় বছরের মধ্যে প্রথমবার নিউ পিপলস আর্মি (এনপিএ) ও ফিলিপাইনের কমিউনিস্ট পার্টির সামরিক শাখা (সিপিপি) উভয় পক্ষ এ ব্যাপারে সম্মত হয়েছে। মঙ্গলবার এ ঘোষণা জানায় নরওয়ে।
উভয় পক্ষের এক যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘উভয় দল সশস্ত্র সঙ্ঘাতের নীতিগত ও শান্তিপূর্ণ সমাধানে সম্মত হয়েছে। শান্তি আলোচনাটি ‘আর্থ-সামাজিক অবস্থা সুদৃঢ় করতে ও রাজনৈতিক অসন্তোষ’ সমাধান করবে বলে আশা করা হচ্ছে।’
নরওয়ে জানায়, আলোচনা সফল হলে বিদ্রোহীরা তাদের সশস্ত্র সংগ্রামের অবসান ঘটাবে এবং একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হবে। নরওয়ে প্রায় ২০ বছর ধরে দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতা করেছে। শান্তি আলোচনার অগ্রগতি সত্ত্বেও সরকার অবিলম্বে কোনো যুদ্ধবিরতি ঘোষণা করেনি বরং বলেছে যে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সামরিক প্রধান রোমিও ব্রাউনার আশাবাদী যে চূড়ান্ত শান্তি চুক্তি সশস্ত্রবাহিনীকে অভ্যন্তরীণ সঙ্ঘাতের পরিবর্তে ‘বহিরাগত বা আঞ্চলিক প্রতিরক্ষার’ ওপর পুরোপুরি মনোযোগ দিতে সক্ষম করবে।