ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির পঞ্চম দিনে ১২ ইসরাইলি ও ৩০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছে। ইসরাইল জানিয়েছে, মঙ্গলবার রাতে গাজা থেকে মুক্তি পাওয়া আরেক দল বন্দী ইসরাইলে ফিরেছে, তাদের মধ্যে ১০ জন ইসরাইলের নাগরিক অপর দু’জন থাইল্যান্ডের। এই নিয়ে যুদ্ধবিরতির পাঁচ দিনে গাজায় বন্দী প্রায় ২৪০ জনের মধ্যে ৮১ জন মুক্তি পেল। এদের মধ্যে ৬১ জন ইসরাইলি আর তাদের সবাই নারী ও শিশু। মঙ্গলবার ১০ ইসরাইলির বিনিময়ে ইসরাইল তাদের কারাগারে বন্দী থাকা আরো ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। এই নিয়ে পাঁচ দিনে মুক্তি পাওয়া ফিলিস্তিনির সংখ্যা ১৮০ জনে দাঁড়িয়েছে। এদেরও সবাই নারী ও শিশু। তবে ইসরাইল এক দিকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেও যুদ্ধবিরতির প্রথম চার দিনে তারা পূর্ব জেরুসালেম ও পশ্চিমতীর থেকে ১৩৩ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে বলে ফিলিস্তিনি প্রিজনার অ্যাসোসিয়েশন জানিয়েছে।