বলছি পালতোলা মাছের কথা। এটি একটি দ্রুতগামী মাছ। এ মাছ হয়তো অনেকেই দেখোনি। এটি এমন এক ধরনের মাছ, যা নৌকার মতো পাল তুলে পানিতে ভেসে বেড়ায়। এ মাছটির ইংরেজি নাম সেইলফিশ।
এটি সামুদ্রিক মাছ। এদের রয়েছে আকর্ষণীয় একটি পৃষ্ঠ পাখনা। এ পাখনা এদের দৈর্ঘ্যরে প্রায় সমান। আর এ পাখনার উচ্চতা দেহের পুরুত্বের চেয়ে বেশি। পানিতে ভেসে বেড়ানোর সময় যখন এরা এ পাখনাটিকে খাড়া করে, তখন একে পালের মতোই মনে হয়। এ কারণেই এদের নাম পালমাছ বা সেইলফিশ। সাগরের উষ্ণ এলাকায় এদের পাওয়া যায়।
এদের গায়ের রঙ নীল ও ধূসর। দেহের দৈর্ঘ্য পাঁচ থেকে ১০ ফুট। ওজন প্রায় ১০০ কেজি। এদের ঠোঁট অনেকটা লম্বা, যা অনেকটা তলোয়ার মাছের মতো।
পালমাছ যখন উত্তেজিত হয়, তখন এদের গায়ের রঙ হালকা নীল হয়ে যায়। গায়ে ডোরাদাগ দেখা যায়। সাধারণ অবস্থায় এরা এদের পৃষ্ঠ পাখনা ভাঁজ করে রাখে। কিন্তু বিপদের মুখে পড়লে অথবা উত্তেজিত হলে পাখনা খাড়া করে। তখন একে এর স্বাভাবিক আকারের চেয়ে অনেক বড় দেখায়। শিকারি প্রাণী আক্রমণ করার আর সাহস পায় না। এরা পানি থেকে অনেক উঁচুতে লাফ দিতে পারে।
এরা ছোট ছোট মাছ ও স্কুইড খাবার হিসেবে গ্রহণ করে।
পালমাছের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এদের গতি। বলা হয়, মাছদের মধ্যে এরাই সবচেয়ে দ্রুতগতিতে চলাচল করতে পারে। এরা ঘণ্টায় ৬৮ মাইল বেগে সাঁতার কাটতে পারে। এদের মাংস বেশ শক্ত। সে কারণে এদের খাওয়া হয় কম। তবে গেম ফিশ হিসেবে এদের মূল্য অনেক। এ মাছ চার বছর পর্যন্ত বেঁচে থাকে।