করোনা পুরো পৃথিবী উলট-পালট করে দিয়েছে। কখনো মনে হয় না যে এর একদিন শেষ আছে। আবার পৃথিবী আগের মতো হয়ে যাবে। জীবনের চাকা আবার যথাযথ ঘুরবে, মানুষ হাসবে, ভালোবাসবে, একে অপরের কাছে যাবে, বিপদে লুকিয়ে থাকবে না, বরং ঝাঁপিয়ে পড়বে। সাবলীলভাবে জীবনের ধারায় ফিরবে সব মানুষ। এ কথা সত্য যে, বহমান সময় মানুষকে ধীরে ধীরে সব কিছু ভুলিয়ে দেয়, চাপা পড়ে যায় ক্ষত। মানুষ নিজেও কিছুটা বিস্মৃতির আবরণে ঢাকতে চায় নিজের শত ক্ষত।
দু’বছর ধরে করোনার করাল গ্রাসে মৃত্যুর থাবায় মানুষ আশঙ্কাগ্রস্ত। তারপরও মানুষ তার অবদমিত বাসনা চরিতার্থ করতে গরুকে গান শোনায়, গরু জড়িয়ে ধরে প্রাণ জুড়ায়।
স্বপ্নে দেখলাম আমার একটি অতি আদরের গাছ, যে গাছে ছিল পাতার নাচন, ডালের দোলন, ছিল পাখিদের আনাগোনা, ছিল কাঠবিড়ালির ফল খাওয়া, মানুষ দেখলে পালিয়ে নানা ভঙ্গিতে চাহনি আর লুকোচুরি। গাছটি হঠাৎ মরে গেল, জানি না কি জানি কী হলো! মন খুবই খারাপ। ঘুম ভেঙে গেল। স্বপ্নের অর্থ খুঁজতে লাগলাম। এপাশ-ওপাশ করছি, কখন যে আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ কি এক মধুর আবেশে ছেয়ে গেল মন। এক দৃষ্টে তাকিয়ে আছি সেই মরা গাছটির দিকে। কেননা, হঠাৎ দেখা গেল গাছটির গায়ে কী যেন কেমন ছিটে ছিটে সবুজের আভা! ভালো করে তাকিয়ে দেখি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র পাতা ওর মরা ডালগুলোতে। মনে হলো এটি স্বপ্ন না তো! আজানের সুর ভেসে এলো কানে। আজকের আজান যেন জানান দিলো গাছটি মরেনি। এমনো তো হতে পারে পৃথিবী আবার প্রাণ ফিরে পাবে, অর্থাৎ পৃথিবী নামের গাছটি ভরে যাবে নতুন পাতায়, শুরু হবে পাখিদের আনাগোনা, কাঠবিড়ালিদের লুকোচুরি খেলা। আহা কী আনন্দ আকাশে-বাতাসে!
লেখক : বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ ও
প্রফেসর প্রাণিবিদ্যা বিভাগ, ঢাবি
করোনা পুরো পৃথিবী উলট-পালট করে দিয়েছে। কখনো মনে হয় না যে এর একদিন শেষ আছে। আবার পৃথিবী আগের মতো হয়ে যাবে। জীবনের চাকা আবার যথাযথ...
