বগুড়ায় ১১ দলের লংমার্চ প্রস্তুতি সভা
মাটিডালী বিমানমোড়ে দেড় লাখ লোকের সমাবেশ
বগুড়া অফিস
গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, তেল, গ্যাস ও বিদ্যুৎসঙ্কটের সমাধান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিবাধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনিত রোধসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর অভিমুখী লংমার্চ ও বগুড়ার মাটিডালী বিমানমোড়ে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে বগুড়ায় একের পর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সমাবেশে দেড় লক্ষাধিক লোকসমাগম নিশ্চিত করতে জামায়াতের জেলা থেকে তৃণমূল পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মী দিন রাত কাজ করছেন। ইতোমধ্যে বগুড়া জেলা ও মহানগরী নেতারা একাধিক প্রস্তুতি সভা করেছেন।
সর্বশেষ সোমবার বিকেলে জেলা জামায়াত কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক যৌথসভা অনুষ্ঠিত হয়। মহানগরী জামায়াত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, এনসিপি জেলা আহবায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদ, জামায়াত নেতা আব্দুল হাকিম, অধ্যাপক রফিকুল আলমসহ জোটের শরিক, এলডিপি. খেলাফত মজলিস, এবি পার্টি, বিডিপির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বগুড়ার মাটিডালী বিমানমোড়ে ১৯ সেপ্টেম্বর বেলা ৩টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও এলডিপি সভাপতি সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব:) অলি আহমদ।





