আজকের পত্রিকা

সফররত ফরাসি সিনেটরদের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সফররত ফরাসি সিনেটরদের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সাক্ষাৎ
ফ্রান্সের সিনেটের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর নেতারা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, জুলাই সনদ, সংসদীয় কার্যক্রম, জলবায়ু পরিবর্তন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সফররত ফরাসি সিনেটরদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

গতকাল সোমবার রাজধানীর গুলশানে সফররত ফরাসি সিনেটরদের একটি প্রতিনিধিদলের সাথে জামায়াতের প্রতিনিধিদলের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ফরাসি প্রতিনিধিদলে ছিলেন সিনেটর গিয়োম শেভ্রিয়েঁ, সিনেটর পিয়ের-আলাঁ রোয়েরোঁ এবং সিনেটর অলিভিয়ের হেনো। তাদের সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক।

বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়া সম্পর্কে তাদের মূল্যায়ন ফরাসি প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন। জামায়াতের প্রতিনিধিরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, জবাবদিহি নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে অর্থবহ ও টেকসই সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। তারা জুলাই সনদের গুরুত্ব এবং এতে উল্লিখিত গুরুত্বপূর্ণ অঙ্গীকারগুলোকে কার্যকর প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক ব্যবস্থায় রূপ দেয়ার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।

এ সময় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকারের অনীহা বা যথাযথ উদ্যোগের অভাবের বিষয়টি তুলে ধরেন জামায়াতের প্রতিনিধিরা। তারা বলেন, প্রয়োজনীয় সংস্কার কোনোভাবেই বিলম্বিত করা উচিত নয়। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের যে আকাক্সক্ষা প্রকাশ পেয়েছে, তা দেশের শাসনব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের মাধ্যমে প্রতিফলিত করা প্রয়োজন। একই সাথে টেকসই গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সব রাজনৈতিক পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বৈঠকে সংসদীয় কার্যক্রম ও সংসদীয় গণতন্ত্র নিয়েও আলোচনা হয়। জামায়াতের প্রতিনিধিরা জাতীয় সংসদের ভূমিকা ও কার্যকারিতা আরো শক্তিশালী করা, বিরোধী দলগুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ সংসদীয় চর্চা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্যগুলো গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক উপায়ে সমাধানের ওপরও তারা গুরুত্ব দেন।

এ ছাড়া বিরোধী দলগুলোর চলমান রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন নিয়েও আলোচনা হয়। জামায়াতের প্রতিনিধিদল বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে লংমার্চের রাজনৈতিক প্রেক্ষাপট ও উদ্দেশ্য সম্পর্কে ফরাসি সিনেটরদের অবহিত করেন।

আলোচনায় জলবায়ু পরিবর্তন ও এর প্রভাবও গুরুত্ব পায়। জামায়াতের প্রতিনিধিদল জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে এর ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, অভিযোজন কর্মসূচি এবং প্রযুক্তি হস্তান্তর জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ফরাসি সিনেটররা বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে তারা জামায়াতের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

এ সময় জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ