প্রতিনিয়তই বাড়ছে স্মার্টঘড়ির ব্যবহার। মোবাইলে ঘড়ি থাকার পরও উন্নত প্রযুক্তি এবং স্বাস্থ্যবিষয়ক নানা কার্যকর ফিচারের কারণে অনেকে স্মার্টঘড়ি ব্যবহার করছেন। অ্যাপল, স্যামসাং ও হুয়াওয়ের মতো প্রায় সব ব্র্যান্ডেরই স্মার্টঘড়ি এখন বাজারে মিলছে। সেরা ডিজাইনের স্মার্টঘড়ির বিভিন্ন ফিচার নিয়ে লিখেছেন সুমনা শারমিন

অ্যাপল
অ্যাপলের ওয়াচ সিরিজ ৫ স্মার্টওয়াচটিতে সার্বক্ষণিক অন-রেটিনা ডিসপ্লেতে সময় ও ফেস দেখা যাবে। এ ছাড়া হৃদস্পন্দন রেট, ইসিজি, শব্দের তীব্রতা বিষয়ে সতর্কতা, ফিটনেস রিপোর্টসহ আরো নানা স্বাস্থ্যগত তথ্য জানাবে অ্যাপল ওয়াচ সিরিজ ৫। ডিভাইসটির একটি সংস্করণে সেলুলার সংযোগ সমর্থন আনা হয়েছে। এরই মধ্যে পানিরোধী ডিভাইসটির ডিজাইন নজর কেড়েছে।
ক্যাসিও
পানিরোধী ক্যাসিও প্রো ট্রেক স্মার্ট ডব্লিউএসডি-এফ ৩০ স্মার্টঘড়ির ডিসপ্লেতে সাধারণ অবস্থায় একটি মনোক্রোম ফেস দেখা যায়। তবে একটি বাটনে প্রেস করে ডিসপ্লেতে কালার ম্যাপ নিয়ে আসা যায়। ডিভাইসটি তৈরির ক্ষেত্রে ব্যাটারি ফিচারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। যে কারণে ব্যবহারকারীকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে জটিলতায় পড়তে হবে না। ব্যবহারকারী ডিভাইসটির মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক নানা তথ্যের পাশাপাশি অবস্থান-সংক্রান্ত নোটিফিকেশন পাবেন।
হুয়াওয়ে
টাচস্ক্রিন ডিসপ্লের ওয়াচ জিটি ডিভাইসকে প্রিমিয়াম স্পোর্টস স্মার্টওয়াচ বলা হয়। এর সিরামিকের তৈরি বেজেল স্টেইনলেস স্টিলের চেয়ে ছয়গুণ শক্তিশালী বলে দাবি করা হয়। বিল্টইন জিপিএস সুবিধা স্বতন্ত্রভাবে ডিভাইসটি ব্যবহারের সুবিধা দেবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড কিংবা আইওএস চালিত স্মার্টফোনের সাথে জুড়ে দিয়ে ওয়াচ জিটি ব্যবহার করা যাবে। বর্তমান সময়ের উন্নত স্মার্টঘড়ির প্রায় সব ফিচার ডিভাইসটিতে রয়েছে।
অ্যামেজফিট
শাওমির সাব-ব্র্যান্ড হুয়ামির অধীনে বাজারে আসা স্মার্টঘড়ি অ্যামেজফিট ভার্জ স্মার্টওয়াচ। ফ্যাশন সচেতনদের জন্য এ স্মার্টঘড়ি উন্মোচন করেছে হুয়ামি। ডিভাইসটিকে ফ্যাশন ও প্রযুক্তির পারফেক্ট সমন্বয় বলা হয়। এতে বিল্টইন অ্যালেক্সা সমর্থন রয়েছে। পাশাপাশি সেলুলার নেটওয়ার্ক সমর্থিত ডিভাইস দিয়ে কল করার সুবিধাও মিলবে। স্মার্টফোনের সাথে জুড়ে দিয়ে রিয়েলটাইম বিভিন্ন নোটিফিকেশন পাওয়া যাবে।
স্যামসাং
স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচ অ্যাক্টিভ ২ স্মার্টওয়াচটির ডিজাইন করা হয়েছে ব্যবহারকারীকে আরো বেশি বেশি সুযোগ-সুবিধা দিতে। হাঁটাচলা-দৌড়ানো থেকে শুরু করে ক্যালোরি বার্ন ও হৃদস্পন্দনের তথ্য দেবে আকর্ষণীয় ডিজাইনের এ স্মার্টঘড়ি। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের সাথে জুড়ে দিয়ে ডিভাইসটির ব্যবহারকারী পছন্দের বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন। পানিরোধী এ ডিভাইস জিম, পুলে সাঁতার কাটা ও ঘুমানোর সময়ও হাতে রাখা যাবে।
ফিটবিট
ফিটবিট আয়নিক : স্মার্টঘড়িতে অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। ফলে ডিভাইসটিতে কমপক্ষে ৩০০ গান ডাউনলোড করে রাখার সুবিধা মিলবে। এ ছাড়া প্যান্ডোরা থেকেও প্লে লিস্ট ডাউনলোড করে রাখা যাবে। ডিভাইসটির বিল্টইন জিপিএস ফিচার ব্যবহার করে কোনো স্থানের অবস্থান ট্র্যাক করা, দূরত্ব ও পথচলার নির্দেশনা পাওয়া যাবে। পাশাপাশি রিয়েল টাইম হৃদস্পন্দন, ঘুমের তথ্য, ক্যালোরি বার্নসহ অন্যান্য সুবিধা তো থাকছেই।
টেককম
টেককমের স্মার্টওয়াচ ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে যুক্ত করে নিলে রিয়েলটাইম কল ও টেক্সট নোটিফিকেশন মিলবে। পাশাপাশি হাঁটা ও শারীরিক ব্যায়াম সম্পর্কিত সব ধরনের তথ্য দিতে সক্ষম টেককম পানিরোধী স্মার্টঘড়ি। ডিভাইসটির ফিচারগুলো এমনভাবে সাজানো হয়েছে যে ব্যবহারকারীকে বারবার ফোন চেক করতে হবে না। ডিভাইসটির আকর্ষণীয় ডিজাইন ব্যবহারকারীর নজর কাড়বে।
এজিকি
আকর্ষণীয় ডিজাইনের এজিকি স্মার্টওয়াচ ফ্যাশন এবং মাল্টিফাংশনাল একটি ডিভাইস। ব্লটুথ প্রযুক্তির এ স্মার্টঘড়ি যে কোনো বয়সের মানুষের ব্যবহার উপযোগী। ব্লটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে জুড়ে দিয়ে ডিভাইসটির মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন দেখা যাবে। পাশাপাশি বাজারের অন্য ব্র্যান্ডের স্মার্টঘড়ির মতো সম্পূর্ণ পানিরোধী এজিকি স্মার্টঘড়িতেও স্বাস্থ্য সম্পর্কিত নানা তথ্য মিলবে।
পোলার
পোলার এম ৬০০ স্মার্টঘড়িতে স্বাভাবিক স্মার্টঘড়ির চেয়েও আরো বেশি কিছু সুযোগ-সুবিধা পাবেন ব্যবহারকারী। জিপিএস প্রযুক্তির মাধ্যমে ডিভাইসটি ব্যবহারকারীকে গতি, দূরত্ব ও দিকনির্দেশনা দেবে। ডিভাইসটিতে ৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা রয়েছে। পোলার এম ৬০০ ব্যবহারকারী গুগল প্লে মিউজিক সেবা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীর ক্যালরি বার্নের তথ্য ও স্বাস্থ্য সম্পর্কিত নানা তথ্য দেবে।
ফসিল
ফসিলের তৈরি স্পোর্টস স্মার্টঘড়িতে বিভিন্ন নোটিফিকেশন ও অ্যাপ অ্যালার্ট ছাড়াও ক্যালেন্ডার ব্যবস্থাপনা, মিউজিক নিয়ন্ত্রণ, অ্যাপ ডাউনলোড ও স্মার্টঘড়ির ইন্টারফেস কাস্টমাইজ করার সুবিধা মিলবে। টাচস্ক্রিন সুবিধার এ ডিভাইসে বিল্টইন ফিটনেস ট্র্যাকার, মাইক্রোফোন, মিউজিক স্টোরেজ ও নিয়ন্ত্রণ, আবহাওয়ার তথ্য ও এলইডি ফ্ল্যাশলাইট ফিচার রয়েছে। পানিরোধী ডিভাইসটির ডিজাইন ব্যবহারকারীকে আকৃষ্ট করবে।