কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআইয়ের প্রতি সপ্তাহে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটিতে পৌঁছেছে। কোম্পানির সিইও স্যাম অল্টম্যান এ তথ্য প্রকাশ করেছেন। ওপেনএআইয়ের দ্রুত বৃদ্ধি ও জনপ্রিয়তার কারণে সক্রিয় ব্যবহারকারী বা অ্যাক্টিভ ইউজারের সংখ্যাও বাড়ছে। মাত্র এক সপ্তাহ আগেও প্লাটফর্মটির ব্যবহারকারী ছিল ২৫ কোটি। এক বছরের মধ্যে কোম্পানি ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর লক্ষ্য অর্জনের চেষ্টা করছে বলে জানিয়েছে ওপেনএআই।
মাইক্রোসফট সমর্থিত এ কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপটি এখন অ্যামাজন-সমর্থিত অ্যানথ্রপিক ও ইলোন মাস্কের এক্স-এআইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া বাজারে গুগল, মেটা, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠিত টেক জায়ান্টদের সাথেও প্রতিযোগিতা করছে ওপেনএআই।
বর্তমানে অসংখ্য জায়ান্ট প্রতিষ্ঠান জেনারেটিভ এআই বাজারে বড় অংশীদারত্ব অর্জন করতে চায়। এতে এ বাজারের আয় আগামী এক দশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়াবে বলে প্রত্যাশা করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা।