বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিস পরিচালনার জন্য গঠিত হয়েছে ১১ সদস্যের এক সহায়ক কমিটি। সংগঠনটির চলতি কার্যক্রম চালানো ও নির্বাচন আয়োজন করার দায়িত্ব রয়েছে এ কমিটির ওপর। বেসিসের সদ্য নিযুক্ত প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসানের সই করা এক অফিস আদেশে এই কমিটি গঠনের কথা জানায় দেশের সফটওয়্যার আইটিনির্ভর সেবা খাতের শীর্ষ সংগঠনটি। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সই করা এক অফিস আদেশে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ পান মুহম্মদ মেহেদী হাসান। বৃহস্পতিবার বেসিস এর প্রশাসক হিসেবে কাজে যোগ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসান। দায়িত্ব নেয়ার পর তিনি বলেন, ‘দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।’
নতুন এই সহায়ক কমিটিতে রয়েছেন উল্কাসেমি প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েতুর রহমান, ডিএনএস সফটওয়্যার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রাফেল কবির, নিউরোসফট টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, ইনফোব্যান রিয়েল্ম আইটি সলিউশনস-এর ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া নিগার সুলতানা, ড্রিম টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন নিজামী, ই-বিজনেস সফট সলিউশন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সাহাদাত, সলিউশন ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, টেকসল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রওশন কামাল জেমস, টাচ অ্যান্ড সলভ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরুল কায়েস পরাগ, ম্যাটিওরস ডটকম-এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাইন বিল্লাহ এবং এইচআরসফটবিডি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রোকমুনুর জামান রনি। ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার দায়িত্ব রয়েছে এই কমিটির ওপর।