গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, ২০২৫ সালে গুগল সার্চে তথ্য অনুসন্ধান পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। গুগল এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সার্চ সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এর মধ্যে এআইভিত্তিক সার্চ সারাংশ ও ভিডিও ব্যবহার করে ওয়েবে সার্চ করার সুবিধা যুক্ত হয়েছে। এ ছাড়া জেমিনি মডেলের বড় হালনাগাদ আনার কাজও চলছে, যার মাধ্যমে মাইক্রোসফট, ওপেনএআই ও পারপ্লেক্সিটির মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় এগিয়ে থাকার পরিকল্পনা করছে গুগল। সুন্দর পিচাই বলেন, ‘আমরা এমন জটিল প্রশ্নের সমাধান করতে পারব, যা এর আগে কখনো সম্ভব হয়নি। ২০২৫ সালের শুরুতেই গুগল সার্চের নতুন সক্ষমতা দেখে সবাই চমকে যাবেন।’ নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে পিচাই মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার এক মন্তব্যের প্রতিক্রিয়াও জানান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে গুগলের ‘স্বয়ংক্রিয়ভাবেই বিজয়ী’ হওয়ার কথা ছিল, নাদেলার এমন বক্তব্যের জবাবে পিচাই বলেন, ‘আমি মাইক্রোসফটের মডেল আর আমাদের মডেলের তুলনা করতে চাই। মাইক্রোসফট অন্য প্রতিষ্ঠানের মডেল ব্যবহার করছে।’ পিচাই বলেন, ‘আমরা এখন বড় ধরনের পরিবর্তনের একেবারে সূচনা পর্যায়ে আছি। সামনে অসংখ্য উদ্ভাবনের সুযোগ রয়েছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে এ ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করব।’
কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়াও আবহওয়ার শক্তিশালী পূর্বাভাস মডেল তৈরিতে কাজ করছে গুগল। গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নতুন এ মডেল বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাসব্যবস্থার চেয়ে বেশি কার্যকর। গুগলের ডিপমাইন্ড দল চলতি সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাসের জন্য একটি পূর্ণাঙ্গ এআই মডেল উন্মোচন করেছে। নতুন এই মডেলের নাম রাখা হয়েছে জেনকাস্ট।
জেনকাস্ট ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের ইএনএস ব্যবস্থার চেয়ে বেশি শক্তিশালী, দাবি ডিপমাইন্ডের বিজ্ঞানীদের। ইএনএস বিশ্বের অন্যতম শীর্ষ শক্তিশালী আবহওয়ার পূর্বাভাসব্যবস্থা। প্রচলিত আবহাওয়া মডেল ভবিষ্যতের আবহাওয়ার একক ও অনুমানভিত্তিক তথ্য প্রদান করে। জেনকাস্ট পঞ্চাশ বা তার বেশি ভবিষ্যদ্বাণীর সমষ্টি নিয়ে কাজ করে। সম্ভাব্য আবহাওয়ার দৃশ্য কল্পনা করে কার্যকর তথ্য দিতে পারে। ভবিষ্যতের আবহাওয়ার পরিস্থিতি কেমন হবে, তা বিভিন্ন উৎস থেকে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে প্রায় সঠিক ধারাভাষ্য দিতে পারে।