ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ডিজিটাল রূপান্তর করবে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ফ্লোরা সিস্টেমস লিমিটেড। গত মঙ্গলবার মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে, যা এনসিসি ব্যাংকের প্রযুক্তিগত অবকাঠামোকে উন্নত করতে এবং গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ব্যাংকিং অভিজ্ঞতা দেবে। আন্তর্জাতিক কোর-ব্যাংকিং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেমিনস ও ওরাকলের সাথে প্রতিযোগিতা করে এই কাজ করার সুযোগ পায় ফ্লোরা সিস্টেমস।
আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং ফ্লোরা সিস্টেমসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম।
ফ্লোরা সিস্টেমস তাদের ফ্লোরা ব্যাংক কোর-ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ভার্সন ১৮.৪ থেকে ২২.৪-এ উন্নীত করে এনসিসি ব্যাংকের সব প্রকার কোর-ব্যাংকিং পরিষেবা পরিচালনা করবে। এই আপগ্রেড এনসিসি ব্যাংকের সেবার মান, দক্ষতা ও নিরাপত্তা বাড়াবে, যা গ্রাহকসেবা উন্নীতকরণে এনসিসি ব্যাংকের প্রতিশ্রুতিকে আরো বর্ধিত করবে। ফ্লোরা সিস্টেমসের সাথে এই ডিজিটাল রূপান্তর উদ্যোগটি এনসিসি ব্যাংকের ডিজিটাল সক্ষমতাকে আরো বিস্তৃত করবে এবং গ্রাহকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক উন্নত ব্যাংকিং অপারেশনের প্রতিশ্রুতি দৃঢ় করবে।
ফ্লোরা ব্যাংক সিবিএস একটি বিস্তর এবং নিরাপদ ব্যাংকিং পরিষেবার জন্য একটি শক্তিশালী ডিজিটাল ভিত্তি যা বহুমুদ্রা লেনদেন, অতি উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং জালিয়াতি প্রতিরোধের জন্য সহায়ক সফটওয়্যার। ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেমের আপগ্রেডের পাশাপাশি, এএমএল বা সিএফটি, এমআইএস এবং রেগুলেটরি রিপোর্টিং, অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ওয়ালেট, ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড এবং আরো অন্যান্য সেবাও চালু করবে।