ক্রীড়া প্রতিবেদক
- ইয়ংম্যান্স ০-১ মোহামেডান
- চট্টগ্রাম সিটি ০-৩ পুলিশ
- পিডব্লিউডি ১-১ ব্রাদার্স ইউনিয়ন
সবার পরে ক্যাম্প শুরু করা। আর লিগের মাঠে নামাও সবার পরে। তবে লিগের প্রথম ম্যাচে একেবারে হতাশ করেনি মোহামেডান। চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলকে। এ দিকে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুলিশও। কাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তাদের ৩-০তে জয় চট্টগ্রাম সিটি এফসির বিপক্ষে। তবে টানা দুই ম্যাচেও জয়ের দেখা পায়নি ব্রাদার্স ইউনিয়ন। কাল মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে তারা ১-১ গোলে ড্র করেছে পিডব্লিউডির সাথে।
বৃষ্টি কাদার মাঠ ছিল চাঁদপুর স্টেডিয়াম। জায়গায় পানি জমে ছিল। এতে ভালো খেলা উপহার দেয়া সম্ভব হয়নি মোহামেডান ও ইয়ংম্যান্সের ফুটবলারদের পক্ষে। এবার মোহামেডানের নেতৃত্ব দেয়া হয়েছে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভের কাঁধে। সেট পিসের জন্য নামডাক তার। কাল সাদাকালো শিবিরের জয়সূচক গোলটিও এই মধ্য এশিয়ান ফুটবলারের কর্নার থেকে। তার নেয়া এই সেট পিচে লাফিয়ে মাথা লাগিয়ে গোল করেন জাহিদ হোসেন শান্ত। ম্যাচের ১৮ মিনিট বয়সে এই গোল। মোহামেডানের পোস্টে নিচে গতকাল অভিষেক হয় আনিসুর রহমান জিকোর। ম্যাচে মতিঝিল ক্লাবপাড়ার দলটির ক্লি¬ন শিটে জয়ের নেপথ্য তিনি। ইয়ংম্যান্স প্রথম ম্যাচে ২-১ এ জিতেছিল ওয়ান্ডারার্সের বিপক্ষে।
প্রথম ম্যাচে সিটি ক্লাবের কাছে ০-৩ গোলে হারা ব্রাদার্স কাল ২৬ মিনিটে ব্রাজিলের জোনাথন সান্তানার গোলে এগিয়ে যায়। এরপর ৬০ মিনিটে সমতা আনেন পিডব্লিউডির ক্যামেরুনের ইয়োহান থিওলফ। ম্যাচে লালকার্ড পান পিডব্লিউডির কোচ আনোয়ার। আর চট্টগ্রাম সিটি এফসিকে টানা দ্বিতীয় হারের লজ্জা দিয়েছে বাংলাদেশ পুুলিশ। ৪৩ মিনিটে মানিক হোসেন মোল্লার গোলে এগিয়ে যান তারা। ৪৫ মিনিটে ক্যামেরুনের শাম স্টিফেন ব্যবধান বাড়ান। ৯৩ মিনিটে উগান্ডার শফিক কাগামু পেনাল্টি থেকে স্কোর ৩-০ করেন। প্রথম ম্যাচে পুলিশ হারিয়েছিল রহমতগঞ্জকে।





