আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। চূড়ান্ত পর্ব থেকে যোগ্য অ্যাথলেটদের নিয়ে দ্রুততম সময়ের মধ্যে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ক্যাম্প শেষে বাছাইকৃতদের নিয়ে আসন্ন সাফ গেমস ও আন্তর্জাতিক বিভিন্ন গেমসকে লক্ষ্য করে দীর্ঘমেয়াদি জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প শুরু করা হবে। গতকাল জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন এসব তথ্য জানান ফেডারেশনের কর্মকর্তারা।
প্রশ্ন উঠে প্রবাসী অ্যাথলেট দ্রুততম মানব ইমরানুর রহমানকে নিয়ে। বাংলাদেশেরে যেকোনো অ্যাথলেটের চেয়ে তিনি সেরা। এই আসরে অংশ নেবেন কি না সেটি অজানা। আর নিলেও নৌবাহিনীর হয়ে খেলবেন নাকি সেনাবাহিনীর হয়ে খেলবেন, সেটির স্বচ্ছ কোনো ধারণা নেই। সাধারণ সম্পাদক জানিয়ে দিলেন, যারা জাতীয় মিটে খেলবে না তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিবেচিত হবেন না। সে হিসাবে ইমরানুর আগামী মাসে এশিয়ান ইনডোরে খেলার সুযোগ হারাবে। যুগ্ম সম্পাদক কিতাব আলী জানালেন, প্রয়োজনে সে সময়ে আরো একটি বাছাই হবে। যে ছেলেটা জাতীয়তে চ্যাম্পিয়ন হয়ে স্বপ্ন দেখবে বাইরে যাওয়ার, ইমরানুর তাকে বাছাইয়ে হারিয়ে টিকে যাবে। তাহলে দেশের সেরা ছেলেটার কি হবে। কোনো সদুত্তর দিতে পারেনি ফেডারেশন।