আগে থেকেই ক্লাবহীন জামাল ভূঁঁইয়াকে নেয়ার চেষ্টা চালাচ্ছিল ব্রাদার্স ইউনিয়ন। তবে মধ্যবর্তী দলবদলের আগে আর নেয়া যাচ্ছিল না বাংলাদেশ দলের এ অধিনায়ককে। এখন চলছে মধ্যবর্তী দলবদল। এ সুযোগে জামাল ভূঁইয়াকে দলে নিয়েছে গোপীবাগের দলটি। গতকাল তারা জামালের নাম জমা দিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটির কাছে। উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর আর্থিকভাবে বেকায়দায় পড়া ঢাকা আবাহনী আর রেজিস্ট্রেশন করায়নি জামালকে। একেবারেই শেষ মুহূর্তে তাকে না করে দেয়। এতে বেকায়দায় পড়ে যায় ডেনমার্ক প্রবাসী ফুটবলারটি। বাংলাদেশ দলের অধিনায়ক হয়েও বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার ক্লাব না পাওয়াটা ছিল হতাশার। তখনই ব্রাদার্স ইউনিয়ন এগিয়ে আসে তার জন্য।
জামাল ছাড়াও মধ্যবর্তী দলবদলে ব্রাদার্স দলে নিয়েছে ইয়ংম্যান্সের উজবেক ফুটবলার আকবির তুরায়েভকে। গাম্বিয়া থেকে উড়িয়ে এনেছে ইদ্রিসা জালো এবং আসান এনজিকে। মোহামেডান থেকে জুয়েল রানা এবং লিটিল ফ্রেন্ডস থেকে ইয়াসিন আরাফাত সিফাততে দলে টেনেছে তারা। মোহামেডান জমা দিয়েছে ভেনেজুয়েলার স্ট্রাইকার মরেল্লোর নাম। ব্রাজিলের ড্যানিলো ফিরতি লিগে খেলবেন বাংলাদেশ পুলিশ দলে। সাথে উজবেকিস্তানের জাখোনঙ্গির কুরমানবয়েভ। ঢাকা আবাহনী জমা দিয়েছে বিকেএসপির ইফতিয়ার হোসেনের নাম। বাফুফে এলিটের মোর্শেদ আলীকে টেনেছে ফর্টিস এফসি।
রেলিগেশন শঙ্কায় চট্টগ্রাম আবাহনী। তাই প্রিমিয়ারে টিকে থাককে বন্দরনগরীর দলটি ঘানা, গিনি ও আইভোরিকোস্টের তিন বিদেশীকে নিয়েছে। এদের মধ্যে আইভোরিয়ান ইউসুফ বামবা উত্তর বারিধারায় খেলে গেছেন। স্থানীয়দের মধ্যে বসুন্ধরা কিংস থেকে আকমল হোসেন নয়ন, আজমপুর ফুটবল ক্লাবের মেহেবুব হাসান নয়ন, বিকেএসপির নাজমুল হুদা ফয়সাল এবং ব্রাদার্স ইউনিয়নের রাকিব হাসান ইভানকে নিয়েছে। লিটিল ফ্রেন্ডসের রাহুল হোসেনও তাদের দলে। নিচের দিকে থাকা ঢাকা ওয়ান্ডারার্স ৫ নতুন দেশী ফুটবলারকে দলভুক্ত করেছে।