যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর রহমান নেই। এতে আকর্ষণে ঘাটতি গতকাল থেকে শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিক্সে। অবশ্য বাংলাদেশের সাবেক এই দ্রুততম মানব না থাকায় সুবিধাই হয়েছে মোহাম্মদ ইসমাইলের। চার বছর পর দ্রুততম মানবের খেতাব ফিরে পেলেন নৌবাহিনীর এই স্প্রিন্টার। মাঝের চারবার দাপট ছিল ইমরানুরের। এবার পঞ্চমবারের মতো ১০০ মিটারে প্রথম হলেন কুমিল্লার এই ছেলে। তবে নৌবাহিনীর শিরিন আক্তার ধরে রেখেছেন দ্রুততম মানবীর খেতাব। কাল গলায় তুললেন ১৬তম দ্রুততম মানবীর পদক। মাঝে তাকে ছিটকে ফেলে একবার এই ইভেন্টে সেরা হয়েছিলেন সুমাইয়া দেওয়ান। কাল জাতীয় স্টেডিয়ামে এই সুমাইয়াকে পেছনে ফেলেই দাপট ধরে রাখেন শিরিন। কাল একমাত্র রেকর্ড হয়েছে পুুরুষদের শটপুটে। এতে নৌবাহিনীর সারোয়ার এই রেকর্ড গড়েছেন।
জানা গেছে অপারেশনের পর সুস্থতার জন্য সময় নিচ্ছেন ইমরানুর। তাই তার আসা হয়নি বাংলাদেশে। এই সুযোগে ২০২২ সালের পর ফের ১০০ মিটারে প্রথম হওয়া ইসমাইলের। খেতাব ফিরে পাওয়ার পর ইসমাইল জানান, কেউ তার জায়গা হারাতে চায় না। আমি এই পদকের জন্য কোচ আবদুল্লাহ হেল কাফির অধীনে সাত মাস ট্রেনিং করেছি। এতে আমার ক্যারিয়ার সেরা ১০.৬১ সেকেন্ডে দৌড় শেষ করতে পারলাম। আমার আগের টাইমিং ছিল ১০.৬৩ সেকেন্ড।
ইমরানুরের অনুপস্থিতি প্রসঙ্গে ইসমাইল জানান, ‘ইমরান থাকলে বাড়তি একটা প্রেসার কাজ করে। তবে স্থানীয় যারা ছিলেন তাদের দিকেও খেলায় রাখতে হয়েছে আমাকে। শেষ ১০ মিটারে কাফি স্যারের পরামর্শ মতো দৌড় দিয়েই প্রথম হয়েছি।’ দ্রুততম মানব হলেই তার কাছে সবার প্রত্যাশা থাকে এসএ গেমসে পদক জয়ের বিষয়ে। ইসমাইলের বক্তব্য, সবারই লক্ষ্য এস এ গেমসে তিন পদকের একটি গলায় তোলা। এ জন্য সব ধরনের সুযোগ সুবিধাই দিতে হবে। এরপর ইমরানের প্রসঙ্গ টেনে বলেন, ইংল্যান্ডেতো ইমরান পুরো অ্যাথলেটিক্স সুবিধাই পেয়ে আসছেন। আমাদেরও সে ধরনের সুযোগ দিতে হবে।’ ফের দ্রুততম মানব হওয়া এই স্প্রিন্টার একাই সাথে লং জাম্পেও ভালো করতে চান।
১৬ বারের মতো দ্রুততম মানবী হয়ে শিরিনও জানান, ‘এস এ গেমসে পদক জিতলে হলে আমাদের সব ধরনের সুযোগ সুবিধাই দিতে হবে।’ রিলে ইভেন্টে দু’টি এস এ গেমসের পদক জেতা এই স্প্রিন্টার এবারের অর্জনের জন্য কৃতজ্ঞ কোচ কাফির কাছে। বিকেএসপিতে থেকে তার অধীনে অনুশীলন করেছেন তিনি।
গত বছর নিজের গড়া ১৪.৮৯ মিটারের রেকর্ড ভেঙে এবার শটপুট ১৫.৫০ মিটার দূরে নিক্ষেপ করে নতুন রেকর্ড গড়েছেন নৌবাহিনীর গোলার সারোয়ার। সাবেক ঢাকা তৃতীয় বিভাগের এই পেস বোলারেরও লক্ষ্য এস এ গেমসে দেশকে পদক উপহার দেয়া। এই অর্জনের জন্য ধন্যবাদ দেন বিকেএসপির কোচ মেহেদী হাসানকে। কাল জাতীয় স্টেডিয়ামে ৪৮তম এই আসরের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
৪ বছর পর দ্রুততম মানব ইসমাইল
যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর রহমান নেই। এতে আকর্ষণে ঘাটতি গতকাল থেকে শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিক্সে। অবশ্য বাংলাদেশের সাবেক এই দ্রুততম মানব না থাকায় সুবিধাই হয়েছে মোহাম্মদ...





