আইসিসির কোনো বড় টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সবসময় ব্যাট হাতে জ্বলে ওঠেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাম্প্রতিক সময়েও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন রিয়াদ। বয়সের ভারও রুখতে পারেনি বাংলাদেশের মিডল অর্ডারের ভরসা রিয়াদকে। তাই তো ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে। চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি। তবে চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরেছেন এ স্পিন অলরাউন্ডার। আর তাতেই ভিন্ন রেকর্ড গড়ে ফেলেছেন রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার দিনে রিয়াদের বয়স হয়েছে ৩৯ বছর ১৯ দিন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো ব্যাটার এই বয়সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেননি।

২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন রিয়াদ। এরপর লাল-সবুজের জার্সিতে খেলেছেন প্রায় দেড় যুগ। টেস্ট ও টি-২০ থেকে অবসর নিলেও তরুণদের সাথে পাল্লা দিয়ে ওয়ানডে ফরম্যাটে খেলে যাচ্ছেন রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বাংলাদেশের হয়ে খেলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটার তানজিম হাসান সাকিব।