বাস্তবিকই রুদ্ধ করেছি ভাবনার দুয়ার
ভিন্ন পথে ভিন্ন মাত্রায় ঘোড়সওয়ার,
দেখি না পাঁচমিশালি স্বপ্নের ফুলঝুঁরি
স্বপ্নে ওড়াই না ঢাউস ঘুড়ি।
দীঘির স্থির জলের মতন আস্ফালনহীন
নিরবতার চাদর গায়ে মুক পড়ে থাকি।

প্রাকৃতিক- অপ্রাকৃতিক অভিশপ্ত শব্দগুলি
মৃত্তিকা কণায় যতনে রুয়ে
বেমালুম ভুলে যাই
একদিন আমিও মানুষ ছিলাম।
আমার ভেতরে নেই রোদসী ক্রন্দন
নেই হাহাকারের প্রতিধ্বনিত আস্ফালন।

ব্যক্তিগত অভিধানে অছ্যুৎ অনুরাগের রঙতুলি
বায়বীয় ভালোবাসার পাতা উল্টে
অযথা মিলাই না নীল-কষ্ট রুবিক্স কিউব
মেঘ-বৃষ্টি-বরফে জল সেচে বৃক্ষ হয়ে বাঁচি।