আন্তর্জাতিক ক্রিকেটে নেই, তবে ব্যস্ততার কমতি নেই সাকিব আল হাসানের। বোলিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে কিছুদিন আগেই ফিরেছেন ক্রিকেটে, তবে এর মাঝেই একের পর এক দল থেকে ডাক আসছে তার।

প্রায় ৬ মাস পর পিএসএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব। খেলেন লাহোর কালান্দার্সের হয়ে। এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন দল থেকে প্রস্তাব আসছে সাকিবের।

আগস্টে হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে থাকছেন সাকিব। বাংলাদেশের সাবেক এ অধিনায়ক খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনের হয়ে।

এর মাঝে আজ (রোববার) খবর আসে আগামী ১০ জুলাই থেকে গায়ানায় শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে (জিএসএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান।

রংপুর রাইডার্সের হয়ে খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে তাকে।

সেখান থেকে ফিরে যুক্তরাষ্ট্রে সুপার সিক্সটি লিজেন্ডস লিগে খেলবেন সাকিব আল হাসান। ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্রের টি-টেন টুর্নামেন্টে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলতে দেখা যাবে তাকে।

ড্রাফটের আগেই সাকিবকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফ্যালকন্সের আইকন ক্রিকেটারও সাকিবই। তাকে ছাড়াও সরাসরি চুক্তিতে নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে তারা।

ড্রাফট থেকেও বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটারকে আগামী আসরের জন্য দলে নিয়েছে ফ্যালকন্স। সব মিলিয়ে বাংলাদেশের ৯ জন ক্রিকেটার খেলবেন তাদের হয়ে।

সাকিব ও নাসির ছাড়াও রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়রকে দেখা যাবে ফ্যালকন্সের জার্সিতে।

বিদেশী ক্রিকেটার হিসেবে দলটিতে রয়েছেন ভারতের রিশি ধাওয়ান, শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ, অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা ও দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট।

৫ আগস্ট হওয়া শুরু হওয়া পার সিক্সটি লিজেন্ডস লিগের ফাইনাল হবে ১৬ আগস্ট। ফ্যালকন্স ছাড়া বাকি দলগুলো হলো- দ্য শিকাগো প্লেয়ার্স, এলএ স্ট্রাইকার্স, রেবেল ওয়ারিয়র্স, মরিসভিলে ফাইটার্স ও ওয়াশিংটন টাইগার্স।