আইএলটি-টোয়েন্টির নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদার ইঙ্গিত মিলল ভিত্তিমূল্যেই। আসন্ন আসরের নিলামে সর্বোচ্চ ৮০ হাজার ডলারের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সব মিলিয়ে নিলামের চূড়ান্ত তালিকায় আছেন বাংলাদেশের ১০ জন।

২৩ দেশের চার শতাধিক ক্রিকেটারকে নিয়ে মঙ্গলবার নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইএলটি-টোয়েন্টি কর্তৃপক্ষ। ক্রিকেটারদের রাখা হয়েছে ৮০ হাজার, ৪০ হাজার ও ১০ হাজার ডলারের তিনটি ভিত্তিমূল্য শ্রেণিতে। আগামী ১ অক্টোবর দুবাইয়ে হবে নিলাম।

সর্বোচ্চ ৮০ হাজার ডলারের ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তাদের সাথে আছেন পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের ফিল সল্ট, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি ও শ্রীলঙ্কার দাসুন শানাকার মতো তারকারা।

তাসকিন গত আসরে শারজাহ ওয়ারিয়র্জের হয়ে ছয় ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। তবে এবার তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নাহিদ রানা ও রিশাদ হোসেন এর আগে আইএলটি-টোয়েন্টিতে খেলেননি।

বাংলাদেশের আরো চার ক্রিকেটার আছেন ৪০ হাজার ডলারের ক্যাটাগরিতে- হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। আর ১০ হাজার ডলারের সর্বনিম্ন ক্যাটাগরিতে আছেন মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও তানজিম হাসান।

চূড়ান্ত তালিকায় থাকা ১০ বাংলাদেশীর মাঝে আইএলটি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা আছে কেবল তাসকিন ও সাকিবের। গত আসরে এমআই এমিরেটসের হয়ে আট ম্যাচে ১১৫ রান ও ৩ উইকেট নিয়েছিলেন সাকিব।

অন্যদিকে নিলামে থাকছেন না মোস্তাফিজুর রহমান। গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে আট ম্যাচে ১৫ উইকেট নেয়া বাঁহাতি এই পেসারকে আগামী আসরের জন্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ১ অক্টোবর দুবাইয়ে নিলাম হওয়ার পর ২২ নভেম্বর মাঠে গড়াবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্ট চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।