আইসিসি ওয়ানডেতে ব্যাটিং র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছেন ভারতের বিরাট কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৮ বলে ১০টি চার ও ৯টি ছক্কায় অপরাজিত ১৩৯ রান করেন কোহলি। 

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে টপকে র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন কোহলি। ৭৯৪ রেটিং নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন মিচেল।  

কোহলির রেটিং এখন ৭৯৬। শীর্ষে আছেন ভারত অধিনায়ক শুভমান গিল। তার রেটিং ৮১৬। 

৭৫৩ রেটিং নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। 

সদ্য ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০০ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে ১৬ রানের জয় এনে দেন অধিনায়ক কুশল মেন্ডিস। 
ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে ওয়ানডে র‌্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে কুশলের। ৬৭৪ রেটিং নিয়ে সপ্তম স্থানে উঠেছেন এই ডানহাতি ব্যাটার। 

ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটস্কি ও প্রোটিয়ার অধিনায়ক তেম্বা বাভুমা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১২ রানের ইনিংস খেলেন ব্রিটস্কি। ১৯ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন তিনি। 

দ্বিতীয় ওয়ানডেতে ১০৩ রানের সুবাদে ১০ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন বাভুমা।

ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ৭ উইকেট নেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। 

বোলিং তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। 

অলরাউন্ডার তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই।