‘অলিখিত সেমিফাইনালে’ বাংলাদেশের অবিশ্বাস্য হার যেন খুলে দিল ইতিহাসের দ্বার। ১১ রানের জয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। তাতে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে যাচ্ছে এশিয়া কাপ।
১৯৮৪ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এশিয়া কাপ। ৪১ বছরের ইতিহাসে কখনো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। তবে এবার ফাইনালে সেটাই হতে যাচ্ছে, রোববার দেখা যাবে তেমনই কাণ্ড।
অঘোষিত সেমিফাইনালে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। দু’দলের জন্যই ছিল ফাইনালে ওঠার সুযোগ। যেখানে প্রথমে বোলিং করে পাকিস্তানকে ১৩৫ রানে আটকে দেয় টাইগাররা।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংসে থামে ৯ উইকেটে ১২৪ রান তুলে। ১১ রানের জয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটে সালমান আগার দল।
অন্যদিকে এবারের এশিয়া কাপে শুরু থেকেই ভারত বেশ দাপট নিয়ে খেলেছে। গ্রুপপর্বে তিন ম্যাচ জিতে এসেছিল সুপার ফোরে। এখানেও টানা ২ ম্যাচে জিতে সবার আগে চলে যায় ফাইনালে।
ফাইনালের মধ্য দিয়ে দু’সপ্তাহের মাঝে তিনবার দেখা হচ্ছে দু’দলের। দ্বিপক্ষীয় সিরিজে যেখানে একদল অপরের চেহারাই দেখে না, সেখানে কিছুদিনের মাঝে তিনবার দেখা হওয়াটা বড় প্রাপ্তি সমর্থকদের।
অবশ্য আগের দুই দেখায় দু’বারই হেরেছে পাকিস্তান। প্রথমবার হেরেছিল গ্রুপ পর্বে। যদিও ওমান আর সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে সুপার ফোরের টিকিট কেটে ফেলে অনায়াসেই।
তবে সুপার ফোরেও আবার তাদের দেখা হয় ভারতের সাথে। এবারো হেরে বসে দলটা। ফলে পাকিস্তানের ফাইনাল নিয়ে শঙ্কা জাগে। যদিও এরপরই তারা ফিরে এসেছে লড়াইয়ে।
শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখে তারা। আর গতরাতে বাংলাদেশকে হারিয়ে চলে যায় ফাইনালে। আগামী রোববার দুবাইয়ে রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।
ভারত এশিয়া কাপের সফলতম দল। ১১বার ফাইনালে খেলে জিতেছে ৮টি শিরোপা। অন্যদিকে পাকিস্তান ৫বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে ২বার। যার শেষবার ২০১২ সালে। তবে এবার ঘোচাতে চায় সেই অপেক্ষা।









