পেহেলগামের ঘটনার জেরে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’ (ডব্লিউসিএল) প্রতিযোগিতার গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দেশটির একাধিক ক্রিকেটার নাম তুলে নেয়ায় ওই ম্যাচটি মাঠে গড়ায়নি। তবে, এবার সেমিফাইনালেও মুখোমুখি হচ্ছে দুই দল। এখন প্রশ্ন হচ্ছে- সেই ম্যাচ হবে কি না!
বুধবার (৩০ জুলাই) ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে আসন্ন সেমিফাইনাল ম্যাচের বিরোধিতা করে ভারতের একটি স্পন্সরকারী সংস্থা নিজেদের সরিয়ে নিয়েছে। সংস্থাটি ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ডব্লিউসিএল। তারা ভারতের স্পন্সর থাকছে না।
ডব্লিউসিএলের মালিক নিশান্ত পিট্টি জানিয়েছেন, ‘ভারতের পারফরম্যান্সে তারা গর্বিত। কিন্তু পাকিস্তান অন্য প্রতিপক্ষের মতো নয়। সন্ত্রাস এবং ক্রিকেট হাতে হাত মিলিয়ে চলতে পারে না। তাই ভারত-পাকিস্তান ম্যাচের সাথে আমরা সম্পৃক্ত থাকছি না। নীতিগতভাবে পাকিস্তানের কোনো ম্যাচের প্রচার আমরা করব না।’
তবে, বৃহস্পতিবার অনুষ্ঠেয় ম্যাচটি নিয়ে ভারত সরকারের অবস্থানও প্রকাশ্যে এসেছে। জিও নিউজ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানিয়েছে, ভারত সরকার বলছে যে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের নেয়া উচিত। ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় এশিয়া কাপের সমস্ত সিদ্ধান্তের ভার ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর ন্যাস্ত করেছে। এখন কী সিদ্ধান্ত আসে, সেটার জন্য অপেক্ষা করতে হবে।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গ্রুপ পর্বে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। একটি জয়, তিনটি হার এবং একটি ম্যাচ বাতিল হয়েছে। গ্রুপে সবার উপরে শেষ করেছে পাকিস্তান। তারা চারটি ম্যাচ জিতেছে। একটি ম্যাচ বাতিল হয়েছে। প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী প্রথম এবং চতুর্থ স্থানে থাকা দল সেমিফাইনাল খেলবে। সেই হিসাব অনুযায়ীই ভারত এবং পাকিস্তানের ম্যাচ পড়েছে।








