লর্ডস টেস্টে অভিষেকেই ডাবল সেঞ্চুরি করে বাজিমাত করেছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। দ্বিতীয় ইনিংসে তেমন আলো ছড়াতে পারেননি। করেছেন মাত্র ২৩ রান। তাতেই ৩৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় কিউই ওপেনার। ছাড়িয়ে গেছেন প্রোটিয়া সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলসকে।
অভিষেক টেস্টে ওপেনার হিসেবে দুই ইনিংস মিলিয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এখন কনওয়ের দখলে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলসের টেস্ট অভিষেক ১৯৮২ সালে। ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে তিনি খেলেছিলেন অস্ট্রেলিয়ার হয়ে। বর্ণবাদের কারণে তার দেশ দক্ষিণ আফ্রিকা নির্বাসিত।
পরে অবশ্য ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকায় ফিরে আসার পর তিনি প্রোটিয়াদের অধিনায়কত্বও করেছেন। এই ওয়েসেলসই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ওপেন করতে নেমে করেছিলেন ১৬২ রান। কনওয়ের মতো দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছিলেন ওয়েসেলসও, করেছিলেন ৪৬ রান। দুই ইনিংস মিলিয়ে তার রান হয়েছিল ২০৮। এত দিন এটাই ছিল অভিষেক টেস্টে কোনো ওপেনারের সর্বোচ্চ রান।
কনওয়ে ছাপিয়ে গেছেন তাকে। প্রথম ইনিংসে কনওয়ে করেন বরাবর ২০০ রান। দ্বিতীয় ইনিংসে ২৩। সব মিলিয়ে তার রান ২২৩। অভিষেক টেস্ট সব ব্যাটসম্যান মিলিয়ে সর্বোচ্চ রান করার তালিকায় কনওয়ের অবস্থান পঞ্চমে।









