ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা পারফরমারের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

মে মাসে আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মুশফিকের সাথে লড়াইয়ে আছেন আরো দুজন। তারা হলেন পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কার প্রাভিন জয়াবিক্রমা।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ ২৩৭ রান করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার তো আগেই ছিল। এ বছরের শুরুতে আইসিসি নতুন আরেকটি পুরস্কারের প্রচলন করে। সেটি হলো মাসের সেরা পারফরমারের পুরস্কার।

উদ্বোধনী প্লেয়ার অফ দ্য মানথ পুরস্কার ওঠে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের হাতে। অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজের পারফর্ম্যান্সের সুবাদে তিনি জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও সীমিত ওভারের সিরিজে দুরন্ত পারফর্ম্যান্সের বদৌলতে ফেব্রুয়ারি ও মার্চের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ভারতের যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বর কুমার। এপ্রিলের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পাকিস্তানের বাবর আজম।