মোস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এমন অবস্থায় অস্বস্তির খবর এসেছে আরেকটা। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলা হচ্ছে না পেসার রুবেল হোসেনের। ভিসা জটিলতায় এখন পর্যন্ত জিম্বাবুয়ে পৌঁছাতে পারেননি তিনি।

রুবেলের সাথে একই অসুবিধায় আটকা পড়েছেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়া শামীম হোসেন পাটোয়ারীও। এই দুজন বৃহস্পতিবার ভোরে রওনা দিয়েছেন।

দীর্ঘ ২২ ঘণ্টা যাত্রার পর জিম্বাবুয়ে পৌঁছাবেন রুবেল-শামীম। অর্থাৎ ১৬ জুলাই পৌঁছাবেন তারা। প্রথম ওয়ানডেও ১৬ জুলাই, তাই প্রথম ওয়ানডেতে খেলার সুযোগ নেই রুবেলের। এ ছাড়া জিম্বাবুয়ে পৌঁছে করোনা পরীক্ষা দিতে হবে এই দুই ক্রিকেটারকে।

সিরিজের একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ। ১৬ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তামিমের দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে। পরের দুটি ওয়ানডে ১৮ ও ২০ জুলাই হারারেতেই অনুষ্ঠিত হবে।