ওমানকে উড়িয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের। প্রথম ম্যাচে প্রত্যাশিত জয়ই পেয়েছে তারা। যতীন্দর সিংদের পাত্তাই দেয়নি ম্যান ইন গ্রিনরা। অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারল না ওমান।
এশিয়া কাপে শুক্রবার অভিষেক হয় ওমানের। ১৭তম আসরে এসে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে মরুর দেশটি। তবে শুরুটা হয়েছে ভুলে যাবার মতো, শক্তিশালী পাকিস্তানের কাছে হেরেছে ৯৩ রানে।
শুক্রবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬০ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ১৬.৪ ওচারে ৬৭ রান পর্যন্ত করতে পারে ওমান।
দ্বিতীয় ওভারের শুরুতেই প্রথম উইকেট হারায় ওমান। অধিনায়ক যীতেন্দর ফেরেন ৩ বলে ১ রানে। এরপর দ্বিতীয় উইকেটে ১২ বলে ২২ রান যোগ করেন আমির কালিম ও হাম্মাদ মির্জা।
কালিম ফেরেন ১১ বলে ১৩ রানে। হাম্মাদ মির্জা আউট হন নবম ওভারে এসে, ৪৯ রানে দলের ষষ্ঠ উইকেট হয়ে। ফেরার আগে ২৩ বলে করেন ২৭ রান। পরের ২ রান তুলতে আরো ৩ উইকেট হারায় ওমান।
২ উইকেটে ৪১ থেকে ৫১ রানে যেতেই ৯ উইকেটের পতন হয় তাদের। অর্থাৎ ১০ রানে ৭ উইকেট হারায় ওমান। এরপর কেবল বাকি ছিল জয়ের আনুষ্ঠানিকতা। যা একটু দীর্ঘ হলেও বিপদ হয়নি।
১৬.৪ ওভারে ৬৭ রানে গুটিয়ে যায় ওমান। শেষ দিকে এক ছক্কায় ২৩ বলে ১০ রান করেন শাকিল আহমেদ। পাকিস্তানের হয়ে ফাহিম ৬ রানে ২, সুফিয়ান ৭ রানে ২ ও সাইম ৮ রানে নেন ২ উইকেট।
এর আগে মোহাম্মদ হারিসের হাফ সেঞ্চুরিতে ভর করে মাঝারি সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। বাকিদের কেউ তেমন সুবিধা করতে পারেননি। হারিস নিজেও জীবন পান মাত্র ২ রানে। যদিও এরপর করেন ৪৩ বলে ৬৬ রান।
এদিন প্রথম ওভারেই শূন্য রানেই ফেরেন ওপেনার সাইম আইয়ুব। এরপর দ্বিতীয় উইকেটে পাকিস্তানের হাল ধরেন শাহিবজাদা ফারহান ও হারিস। দুজনে মিলে যোগ করেন ৮৫।
ফারহান ২৯ বলে ২৯ রান করে আউট হন। হারিস ফেরেন ৪৩ বলে ৬৬ রান তুলে নিয়ে। পরপর দুই বলে আউট হয়েছেন হারিস ও পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ১৩ ওভারে ১০২ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।
এরপর ফখর জামান একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। ফখর অপরাজিত ছিলেন ১৬ বলে ২৩ রান করে। মাঝে ১০ বলে ১৯ রান করেন মোহাম্মদ নাওয়াজ।
ওমানের হয়ে ৩টি করে উইকেট নেন ফয়সাল শাহ ও আমির কালিম। আর একটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নাদিম।









