কিংস্টনে বৃষ্টি বিঘ্নিত সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে আরো ২৮০ রান। পক্ষান্তরে পাকিস্তানের প্রয়োজন ৯ উইকেট।
পাকিস্তানের ছুঁড়ে দেয়া ৩২৯ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৪৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ৯ উইকেটে ৩০২ রানের জবাবে ১৫০ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৩৯ রান তুলেছিলো ক্যারিবীয়রা।
চতুর্থ দিন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদির সাথে মোহম্মদ আব্বাসের বোলিং তোপের মুখে পড়ে দ্রুতই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রান নিয়ে শুরু করে দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন এনক্রুমার বোনার। এছাড়া জার্মেই ব্লাকউড ৩৩ ও জেসন হোল্ডার ২৬ রান করেন।
আগের দিন ২ উইকেট নেয়া আফ্রিদি চতুর্থ দিন আরো ৪ উইকেট নেন। ইনিংসে ৫১ রানে ৬ উইকেট নেন তিনি। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। ১৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিলেন আফ্রিদি। আব্বাস নেন ৩ উইকেট।
১৫২ রানের লিডকে সঙ্গী করে দ্বিতীয় ইনিংসে ওয়ানডে স্টাইলে ব্যাট করে পাকিস্তান। ২৭ দশমিক ২ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। ওভারপ্রতি রান ছিলো ৬ দশমিক ৪৩।
দলের পক্ষে ওপেনার ইমরান বাট ৩৭, অধিনায়ক বাবর আজম ৩৩ ও আরেক ওপেনার আবিদ আলি ২৯ রান করেন। এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার-আলজারি জোসেফ ২টি করে উইকেট নেন।
৩২৯ রানের টার্গেটে শুরুটা সর্তকতার সাথেই করে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ ওভারে ৩৪ রান তুলেন স্বাগতিকদের দুই ওপেনার। ৩টি চারে ২৩ রান করে কাইরেন পাওয়েল রান আউট হলে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
দিন শেষে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ১৭ ও আলজারি জোসেফ ৮ রানে অপরাজিত আছেন।
সূত্র : বাসস








