নটিংহ্যামে ড্র হলেও, লর্ডস টেস্টে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী ভারতীয় ক্রিকেট দল। পারফরমেন্সের ধারাবহিকতা অব্যাহত রেখে আগামীকাল শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট জিতে সিরিজে ডাবল লিড লক্ষ্য ভারতের। অন্য দিকে সিরিজে সমতা আনতে জয় ছাড়া কিছু ভাবছে না ইংল্যান্ড।
লিডসে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
২০১৪ সালে ইংল্যান্ড সফরে দুই টেস্ট শেষে ১-০ এগিয়ে ছিল ভারত। কিন্তু সেখান থেকে সিরিজ জিততে পারেননি মহেন্দ্র সিংহ ধোনির দল। এবারো কি অতীতে পুনারাবৃর্ত্তি ঘটবে প্রশ্নের জবাবে রাহানে বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের সিরিজ এখন অতীত। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবি। আগেই বলেছিলাম, একটি করে টেস্ট ম্যাচ নিয়ে ভাবছি। আগেরটা জিতেছি। এবার নতুন ম্যাচ, নতুন পরিকল্পনা নিয়ে খেলতে হবে।’
সিরিজে পিছিয়ে, দলে ইনজুরি সমস্যা ও খেলোয়াড়দের ফর্ম ভাবাচ্ছে ইংল্যান্ডকেও। তাই ব্যাটসম্যান ডেভিড মালান ও সাকিব মাহমুদকে দলে নিয়েছে ইংলিশরা। নতুনভাবে শুরু করে সিরিজের তৃতীয় টেস্টে জয় চান ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
তিনি বলেন, ‘শেষ টেস্টে আমরা অনেক কিছু শিখেছি। এখন মনে হচ্ছে, অধিনায়ক হিসেবে অন্য কিছু করা যেতেই পারতো। আমরা ঘুড়ে দাঁড়াতে মরিয়া। যা হয়েছে তা ভুলে নতুনভাবে শুরু করতে মাঠে নামবো।’
এখন পর্যন্ত ভারত-ইংল্যান্ড ১২৮টি টেস্ট খেলেছে। ইংল্যান্ডের জয় ৪৮টি, ভারতের জয় ৩০টিতে। ৫০টি টেস্ট ড্র হয়েছে।
সূত্র : বাসস








