টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পাশাপাশি ধন্যবাদ জানালেন টিম ম্যানেজমেন্টকেও।

বুধবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে সিরিজের ট্রফি নিশ্চিত করেছে টাইগাররা।

নাসুম-মোস্তাফিজদের দারুণ বোলিংয়ের পর মাহমুদউল্লাহর অধিনায়কোচিত ইনিংসে ভর করে জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘বোলাররা দারুণ বোলিং করেছে। বিশেষ করে নাসুম, মেহেদী ও মোস্তাফিজ। এরা প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছে এক শ’র নিচে। ব্যাটসম্যানরা চেষ্টা করেছে সাধ্যমতো।’

তৃতীয় ম্যাচে হারার পর মাহমুদউল্লাহ বলেছিলেন, জুটি না গড়ার কারণে দল হেরেছে। এই ম্যাচেও ৩২ রানে পড়েছিল তিন উইকেট। সেখান থেকে নাঈম ও আফিফের সাথে মাহমুদউল্লাহর দুটি খণ্ড জুটিই দলকে পাইয়ে দেয় দারুণ জয়।

জুটি প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা চেষ্টা করেছে জুটি গড়তে, যাতে ম্যাচ সহজ হয়ে আসে। সিরিজ জিততে পেরেছি এই সফলতার পেছনে আছে টিম ম্যানেজমেন্ট ও ছেলেরা। সিরিজে আরো একটি ম্যাচ বাকি। আশা করি দলীয় সমন্বয়ে সে ম্যাচেও জয় পাব আমরা।’